গোবিন্দগঞ্জে বাস চাপায় নারীসহ দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বৈঠাখালি এলাকায় গতকাল বৃহস্পতিবার যাত্রীবাহী বাসের চাপায় নারীসহ দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের সিংজানি গ্রামের সাবেদ আলীর ছেলে শাহজাহান মিয়া (৩৮) ও একই ইউনিয়নের মিরুপাড়ার বাসিন্দা আলেফা বেগম (৩৫)।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শাহজাহান মিয়া ও আলেফা বেগম গতকাল বিকেল চারটার দিকে বৈঠাখালি এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ঢাকা থেকে পঞ্চগড়গামী হানিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে অপর একটি বাসকে অতিক্রম করার সময় তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শাহজাহান ও আলেফা বেগম নিহত হন। এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন নিহত আলেফা বেগমের মা ফিরোজা বেগম (৫৫) ও তাঁর যমজ সন্তান জোবায়ের (২) ও তালহা (২)। আহত তিনজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে বাসের চালক ও তাঁর সহকারীরা পলাতক। তবে স্থানীয় লোকজনের সহায়তায় হানিফ এন্টারপ্রাইজের বাসটি পলাশবাড়ী উপজেলা সদরে আটক করেছে পুলিশ।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান দুর্ঘটনার কথা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় মামলা হয়েছে।