গোবিন্দগঞ্জে বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুর বাজার এলাকায় গতকাল শুক্রবার সকালে বাসের ধাক্কায় আবদুল মজিদ (৫৫) নামের এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় তাঁর ছোট ভাই মোখলেছুর রহমান (৫০) গুরুতর আহত হয়েছেন। আবদুল মজিদ ও মোখলেছুর উপজেলার কোমরপুর বাজার এলাকার বাসিন্দা।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও গোবিন্দগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা গেছে, কোমরপুর বাজারে মজিদের পানের দোকান রয়েছে। তিনি ও মোখলেছুর গতকাল সকাল নয়টার দিকে কোমরপুর বাজারে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঢাকা থেকে রংপুরগামী একটি বাস তাঁদের দুজনকে ধাক্কা দেয়। এতে দুই ভাই মহাসড়কের পাশে ছিটকে পড়েন। এ সময় ঘটনাস্থলেই মজিদ নিহত হন। এ ছাড়া এতে মোখলেছুর গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন মোখলেছুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।