গোবিন্দগঞ্জে বিদ্যুতের দাবিতে মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের দাবিতে গতকাল রোববার ঢাকা-রংপুর-গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া বাজার এলাকা আধা ঘণ্টার জন্য অবরোধ করে রাখে এলাকাবাসী। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ ও এলাকাবাসী জানান, গত ২৫ মে রাতে ঝড়ে উপজেলার দরবস্ত ও তালুককানুপর ইউনিয়নে কয়েকটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে যায়। এতে দুই ইউনিয়নের ১০টি গ্রামে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ওই দিন থেকে ১০টি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
এলাকাবাসী জানান, বিষয়টি বিদ্যুৎ বিভাগকে জানিয়েও কোনো কাজ হয়নি। তাই দুপুর সাড়ে ১২টা থেকে একটা পর্যন্ত ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে স্থানীয় লোকজন। এ সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে সমস্যা সমাধানের আশ্বাস দিলে বিক্ষুব্ধ এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান বলেন, বিদ্যুৎ লাইন দ্রুত মেরামতের জন্য গোবিন্দগঞ্জ বিদ্যুৎ বিতরণ বিভাগকে তাগাদা দেওয়া হয়েছে।
গোবিন্দগঞ্জ বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী নূর ইসলাম বলেন, অতিরিক্ত শ্রমিক দিয়ে বিদ্যুৎ লাইন মেরামতের কাজ চলছে। দ্রুত সংযোগ চালু হবে।