গোবিন্দগঞ্জে ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গতকাল বুধবার সড়ক অবরোধ করেছেন ব্যবসায়ীরা। স্থানীয় ব্যবসায়ী তরুণ দত্ত হত্যার বিচার ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে উপজেলা বণিক সমিতি এ কর্মসূচির পালন করে। পরে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাংসদ আবুল কালাম আজাদ জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন।
উপজেলা বণিক সমিতি সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার রাজমতি বিপণিবিতানের সামনে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেন ব্যবসায়ীরা। এর আগে ১০টা থেকে ১১টা পর্যন্ত একই স্থানে মানববন্ধনও করেন তাঁরা। এসব কর্মসূচিতে দোকানপাট বন্ধ রেখে সহস্রাধিক ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। পরে সাংসদ আবুল কালাম আজাদ ঘটনাস্থলে গিয়ে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে দ্রুত ব্যবস্থ নিতে প্রশাসনকে তাগাদা দেওয়ার প্রতিশ্রুতি দিলে তাঁরা অবরোধ তুলে নেন।
মানববন্ধন ও অবরোধ কর্মসূচিতে বক্তব্য দেন সাবেক সাংসদ ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি লুৎফর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া ইসলাম, গোবিন্দগঞ্জ উপজেলা ইউনিয়ন পরিষদ (ইউপি) ফোরামের সভাপতি আবদুল লতিফ প্রধান, উপজেলা বণিক সমিতির সভাপতি নাজমুল হুদা প্রধান, সাধারণ সম্পাদক আক্তার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, গত সোমবার তরুণ দত্তকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। কিন্তু তিন দিন অতিবাহিত হলেও পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তাঁরা অবিলম্বে তরুণ দত্তের হত্যাকারীদের চিহ্নিত ও তাঁদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। সেই সঙ্গে তাঁরা সব ব্যবসায়ীর নিরাপত্তার দাবি জানান। পরে তাঁরা হত্যাকারীদের বিচারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল হান্নানকে স্মারকলিপি দেন।
গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, হত্যাকারীদের শনাক্ত ও তাঁদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।