গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যার প্রতিবাদে রংপুরে সমাবেশ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যা ও নির্যাতনের প্রতিবাদ এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার বিচারের দাবিতে আজ রোববার রংপুরে বিভাগীয় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সমাবেশে রংপুর বিভাগের আট জেলার ক্ষুদ্র জাতিসত্তার মানুষ অংশ নেয়।
জাতীয় আদিবাসী পরিষদ ও সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির যৌথ আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
আজ দুপুর ১২টার দিকে রংপুর শহরের শাপলা মোড় থেকে কয়েক শ নারী-শিশু-পুরুষের একটি বিরাট বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলের সামনে সাঁওতালরা তির-ধনুক নিয়ে অংশ নেয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেলা একটা থেকে দুইটা পর্যন্ত এক ঘণ্টা শহরের কাচারি বাজারে অবস্থিত বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কের পাশে এক সমাবেশ করে।
বক্তারা বলেন, নিরীহ সাঁওতাল পরিবারের ঘরবাড়িতে আগুন দিয়েছে পুলিশ। এটি বিভিন্ন গণমাধ্যমের ছবিতেই ফুটে উঠেছে। আমরা এর বিচার চাই। বক্তারা আরও বলেন, সাঁওতালদের বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের মূল হোতা হলেন ওই এলাকার সাংসদ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আমরা তাঁদের গ্রেপ্তার ও বিচার দাবি করছি।
বক্তারা আরও বলেন, ঘটনার দুই মাস অতিবাহিত হলেও এখনো মূল হোতাদের গ্রেপ্তার করা হচ্ছে না। উপরন্তু সাঁওতাল ও গরিব বাঙালিদের ওপর নির্যাতন চালানো হচ্ছে।
বক্তারা ১০ দফা দাবির উল্লেখ করে আগামী ৬ মার্চ উত্তরাঞ্চলের ১৬ জেলার শহীদ মিনারে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন।
গত বছর ৬ নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ-বাগদা ফার্মে সাঁওতালদের সঙ্গে রংপুর চিনিকল কর্তৃপক্ষের লোকজন ও পুলিশের সংঘর্ষ হয়। সাঁওতালদের বাড়িঘরে আগুন দিয়ে লুটপাট করা হয়। এ ঘটনায় তিন সাঁওতাল নিহত হন।
আজকের সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্রনাথ সরেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ- বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সহসভাপতি ফিলিমন বাস্কে, জাতীয় আদিবাসী পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি আইনজীবী মনিলাল দাস, জাতীয় আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি বিভূতি ভূষণ মাহাতো, জাতীয় আদিবাসী যুব পরিষদের সাধারণ সম্পাদক নরেন পাহান, আদিবাসী নেত্রী রোজিনা সরেনসহ রংপুর বিভাগের আট জেলার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা। এ ছাড়াও সংহতি জানিয়ে বক্তব্য দেন বাসদের আবদুল কুদ্দুস, ওয়ার্কার্স পার্টির অশোক সরকার, জাসদের গৌতম রায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি রথীশ চন্দ্র ভৌমিক, রংপুর উদীচীর কাফি সরকার প্রমুখ।