সংঘর্ষের ঘটনার সাত দিন পরও আতঙ্ক কাটছে না গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকার সাঁওতাল অধ্যুষিত মাদারপুর ও জয়পুর গ্রামে। রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে গত রোববার পুলিশ ও চিনিকলের শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের ওই সংঘর্ষে ২০ জন আহত হন।
গতকাল শনিবার দুপুরে সাঁওতাল অধ্যুষিত গ্রাম দুটি পরিদর্শন করেন জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি)। তাঁরা সাঁওতালদের শঙ্কামুক্ত ও নির্ভয়ে চলাচল এবং ছেলেমেয়েদের স্কুলে পাঠানোর পরামর্শ দিয়ে বলেন, প্রশাসন ও পুলিশ তাদের পাশে আছে।
গতকাল শনিবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারসংলগ্ন মাদারপুর গ্রামে গিয়ে দেখা গেল, সাঁওতালদের পুরোনো বসতবাড়িতে কেউ নেই। প্রশাসনের লোক আসার কথা শুনে সাঁওতাল পরিবারের সদস্যরা গির্জার সামনে জড়ো হয়েছে। সেখানে গিয়ে দেখা যায়, তারা মনোযোগ দিয়ে প্রশাসনের কর্মকর্তাদের কথা শুনছে। কেউ কেউ তাঁদের অভাব ও শঙ্কার কথা প্রশাসনকে জানাচ্ছেন। কেউ নিজেদের নিরাপত্তা চাইছেন। প্রশাসনের কর্মকর্তারা আশ্বাস দেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক মো. আবদুস সামাদ প্রথম আলোকে বলেন, ‘গত কয়েক দিনে অনেকবার ওই এলাকায় গিয়েছি। তাদের নিরাপত্তার কোনো ঘাটতি নেই। প্রশাসন আগেও সাঁওতালদের পাশে ছিল, এখনো আছে ও থাকবে।’ তিনি বলেন, অতিরিক্ত জেলা হাকিমের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হবে। যেসব সাঁওতাল নিজেকে কর্মহীন বলে দাবি করে, তাদের আজ ১০ মেট্রিক টন চাল দেওয়া হবে।
পুলিশ সুপার আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ঘটনার পর সাঁওতালদের মধ্যে যে শঙ্কা ও ভয় ছিল, তা কাটাতে আমরা গ্রাম দুটিতে যাই। তাদের আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়।’
পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ সাঁওতাল শ্যামল হেমব্রম (৩৫) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওই রাতেই মারা যান। পরের দিন সোমবার রাতে সাহেবগঞ্জ এলাকার ধানখেত থেকে মঙ্গল মাড্ডি (৫০) নামের এক সাঁওতালের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার দান্দুপুর গ্রামের মৃত জ্যাঠা মাড্ডির ছেলে। তাঁর পরিবার বলেছে, তিনি ওই সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ধানখেতে পড়ে ছিলেন। পরে মারা যান। সর্বশেষ গত বৃহস্পতিবার আরেক সাঁওতালের মৃত্যু হয়। তাঁর নাম রোমেশ সরেন (৪০)। পরিবার বলেছে, রোববারের সংঘর্ষে আহত রোমেশ সরেনকে গ্রেপ্তারের ভয়ে বাড়িতে চিকিৎসা দেওয়া হচ্ছিল। গতকাল ভোরে তিনি মারা যান। তবে পুলিশের দাবি, রোমেশ ওই দিনের সংঘর্ষে আহত হননি। বাড়িতে তাঁর স্বাভাবিক মৃত্যু হয়েছে।