গোবিন্দগঞ্জে সাঁওতালদের পুনর্বাসনের দাবি
রংপুরে গতকাল বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) জনসভা হয়েছে। এ জনসভায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতালদের পুনর্বাসনের দাবি জানানো হয়েছে।
শহরের পায়রা চত্বরে গতকাল জেলা বাসদের আয়োজনে ওই জনসভায় প্রধান বক্তা ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান। সভাপতিত্ব করেন রংপুর জেলা বাসদের সমন্বয়ক আবদুল কুদ্দুস। বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সদস্য জাহেদুল হক, বগুড়া জেলা বাসদের আহ্বায়ক সাইফুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন রংপুর জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক শাহীন রহমান। জনসভা পরিচালনা করেন বাসদের জেলা সদস্যসচিব মমিনুল ইসলাম।
জনসভার আগে লাল পতাকা, ব্যানার ও ফেস্টুনসংবলিত একটি শোভাযাত্রা শহরের শাপলা চত্বর থেকে শুরু হয়ে নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সম্প্রতি গাইবান্ধা-গোবিন্দগঞ্জে সাঁওতালদের পূর্বপুরুষদের ভিটেমাটি থেকে উচ্ছেদের নিন্দা জানিয়ে খালেকুজ্জামান বলেন, তাদের পুনর্বাসন করতে হবে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তিনি আরও বলেন, সরকার দেশি-বিদেশি লুটেরাদের হাতে জাতীয় সম্পদ-প্রাকৃতিক সম্পদ তুলে দিচ্ছে। ভারতের স্বার্থে সুন্দরবনধ্বংসী রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে। পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র করে জনগণকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে।