গোবিন্দগঞ্জে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর এলাকায় পানিনিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। ফলে সামান্য বৃষ্টিতেই পৌর এলাকার বিভিন্ন রাস্তা জলাবদ্ধ হয়ে পড়ছে।
গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক মতিন মোল্লা বলেন, গোবিন্দগঞ্জের ভেতর দিয়ে ঢাকা-রংপুর মহাসড়ক চলে গেছে। যোগাযোগব্যবস্থা উন্নত হওয়ার কারণে এখানে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটেছে। পৌর এলাকায় বসতবাড়ি ও ব্যাংক-বিমাসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যালয় গড়ে উঠেছে। অথচ পৌর এলাকায় পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই।
পৌরসভা কার্যালয় থেকে জানা গেছে, ১৯৯৮ সালের ২৫ আগস্ট ইউনিয়ন থেকে গোবিন্দগঞ্জ পৌরসভায় উন্নীত হয়। পৌরসভাটি ২০০৪ সালে তৃতীয় থেকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত হয়। পৌর এলাকায় পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় নালা নেই। এখানে মাত্র তিন কিলোমিটার পাকা নালা রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, পাকা ওই নালায় ঢাকনা না থাকায় তা আবর্জনায় ভরে গেছে। এলাকাবাসী জানান, নালাটি নিয়মিত পরিষ্কার করা হয় না। ফলে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টির কারণে সম্প্রতি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের টিঅ্যান্ডটি মোড় থেকে খানাবাড়ি পর্যন্ত, পৌরসভার মাস্টারপাড়া, দুর্গাপুর, ঐক্যপাড়া এবং পশ্চিম চারমাথা থেকে বালিকা উচ্চবিদ্যালয় পর্যন্ত সড়কে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। তখন এসব সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। প্রতিবছরই বর্ষায় একই পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানান এলাকাবাসী।
খানাবাড়ি এলাকার ব্যবসায়ী আবুল কাশেম বলেন, প্রতিদিন পৌরসভার এসব সড়ক দিয়ে কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। কিন্তু বর্ষার সময় রাস্তাঘাট জলাবদ্ধ হয়ে পড়ায় যান চলাচল বন্ধ থাকে। এ কারণে চরম দুর্ভোগে পোহাতে হয় স্থানীয় বাসিন্দাদের।
পৌরসভার খলসি এলাকার বাসিন্দা বাদশা মিয়া বলেন, উপজেলা শহর হিসেবেও গোবিন্দগঞ্জের কোনো উন্নয়ন হয়নি। এসব বিষয়ে জানতে চাইলে গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান বলেন, অপরিকল্পিতভাবে বাসাবাড়ি নির্মাণ করায় বৃষ্টির পানি বের হতে পারছে না। তবে ওই এলাকাগুলোতে নালা নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।