গোবিন্দগঞ্জে সেই দুই অগ্নিদগ্ধ লাশের পরিচয় মিলেছে
প্রায় দেড় মাস পর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালী এলাকার গমখেত থেকে উদ্ধার হওয়া সেই দুই দগ্ধ লাশের পরিচয় মিলেছে। তাঁরা হলেন শরীয়তপুর সদর উপজেলার সিলথিয়া গ্রামের আবদুস সালামের ছেলে আবির হোসেন (২২) ও শেরপুর সদরের বাগপাশা গ্রামের মৃত শাহাদত হোসেনের ছেলে শাকিব মিয়া (২৫)।
গোবিন্দগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা গেছে, লাশ উদ্ধারের ১ মাস ১২ দিন পর আবিরের মা আয়শা বেগম গত বৃহস্পতিবার রাতে থানায় এসে লাশের ছবি, তাঁর পরনের কাপড়, প্যান্ট ও জুতা দেখে ছেলের পরিচয় নিশ্চিত করেন। আবির ঢাকার সাভারের একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। এ জন্য আয়শা আশুলিয়া এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন। একই বাসায় শাকিবও থাকতেন। শাকিব ছিলেন বাসচালক ও আবিরের বন্ধু।
গত ২০ জানুয়ারি আবিরকে দুর্বৃত্তরা অপহরণ করে। ওই দিনই আবিরের সন্ধানে গোবিন্দগঞ্জ যান শাকিব। এরপর থেকে শাকিবেরও কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় আয়শা বাদী হয়ে ৩ ফেব্রুয়ারি আশুলিয়া থানায় একটি অপহরণ মামলা করেন। এদিকে গত ২১ জানুয়ারি সকালে স্থানীয় লোকজন গোবিন্দগঞ্জের কাটাখালী এলাকায় করতোয়া নদীর তীরে একটি গমখেত থেকে ওই দুজনের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) আবদুল গফুর বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি দেখিয়ে থানায় একটি হত্যা মামলা করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক গতকাল শুক্রবার রাত আটটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, শ্বাসরোধ করে হত্যার পর আলামত নষ্ট করার জন্য আগুন বা অন্য কোনো দাহ্য পদার্থ দিয়ে উভয়ের মাথা থেকে হাঁটু পর্যন্ত পুড়িয়ে ফেলে দুর্বৃত্তরা। এতে তাঁদের মুখমণ্ডল, বুক ও হাত-পা পুড়ে ঝলসে যায়। এ কারণে তাঁদের শনাক্ত করা যায়নি। ময়নাতদন্ত শেষে তিন দিন পর লাশ দুটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে গাইবান্ধা শহরের পৌর কবরস্থানে দাফন করা হয়। তাঁদের ডিএনএ পরীক্ষার জন্য আলামত সংগ্রহ করে রাখা হয়েছে। তাঁদের অপহরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কে অনেক তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে কিছু বলা যাচ্ছে না। দ্রুত এ ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে।