গোমস্তাপুরে দুই নারীসহ ছয় আদিবাসীকে মারধর
দোকানঘর সরানোর অজুহাতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুই নারীসহ ছয় আদিবাসীকে বেদম মারধর করেছেন আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী। দোষী ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করার মধ্য দিয়ে গতকাল শনিবার দুপুরে ওই ঘটনার নিষ্পত্তি করা হয়েছে।
উপজেলার রাধানগর ইউনিয়নের টমপাড়ায় গত বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। আদিবাসীদের অভিযোগ, মারধরের ঘটনায় দুলারী মিনজের (৫৫) হাত ভেঙে যায়, শুকুর তিরকির (৬৫) মাথা ফেটে যায়। পায়ে ও পিঠে লাঠির আঘাতে চলাফেরা করতে পারছেন না বান্দোবালা খালকো (৫০)। এ ছাড়া প্রহৃত হয়েছেন বুদ্ধ তিরকি (৬০), মতিলাল তিগগ্যা (৬০) ও অনিল লাকড়া (২৮)।
আদিবাসীরা অভিযোগ করেন, ২০-২৫ বছর আগে থেকে টমপাড়া মোড়ের বাজারে রাস্তার পাশে খাসজমিতে মতিলাল তিগগ্যার একটি ছোট ঘর রয়েছে। কয়েক দিন আগে আওয়ামী লীগের কর্মী মোতালেব ওই স্থানটি দখল করার জন্য ওই ঘরটির সামনে একটি কাঠের দোকানঘর স্থাপন করেন। আদিবাসীরা বিষয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) স্থানীয় সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল মালেককে জানান এবং দোকানঘরটি অপসারণের জন্য ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন। তিনি কোনো ব্যবস্থা না নেওয়ায় বুধবার রাতে আদিবাসীদের কয়েকজন মিলে দোকানঘরটি সরিয়ে ফেলেন। এতে ক্ষিপ্ত হয়ে মোতালেব তাঁর লোকজন নিয়ে ওই রাতেই আদিবাসীদের ওপর হামলা করেন। এ ঘটনার পর রাধানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করার আশ্বাস দেন এবং আদিবাসীদের থানায় মামলা করতে নিষেধ করেন।
গতকাল টমপাড়ায় মামুনুর রশিদের সভাপতিত্বে সালিস বৈঠক হয়। সালিসে ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মী, আদিবাসী নেতা জহরলাল এককা, কর্নেলিউস মুরমু, বঙ্গপাল সর্দার উপস্থিত ছিলেন।
সালিসে অভিযুক্ত মোতালেব দলীয় লোকজন নিয়ে আদিবাসীদের ওপর হামলার কথা স্বীকার করেন। হামলায় জড়িত অন্যদের নাম প্রকাশ না করে তিনি বলেন, আওয়ামী লীগের নেতাদের ইন্ধনেই তিনি মতিলালের ঘরের জমি দখলের জন্য এটির সামনে দোকানঘর স্থাপন করেন। পরে সালিসে আদিবাসীদের মারধর করায় মোতালেবকে ১৫ হাজার টাকা জরিমানা এবং চিকিৎসার খরচের জন্য আরও ১৫ হাজার টাকা পরিশোধ করার রায় দেওয়া হয়। একই সঙ্গে প্রকাশ্যে মাফ চাইতে ও দোকানঘর সরিয়ে নিতে বলা হয়। মোতালেব তাৎক্ষণিকভাবে জরিমানার পাঁচ হাজার টাকা সালিস বৈঠকের সভাপতির হাতে দেন। এই রায়ে অসন্তোষ প্রকাশ করে আহত দুলারী মিনজ বলেন, ‘আমরা দুর্বল মানুষ, আমাদের অনেক কিছুই মুখ বুজে সহ্য করতে হয়।’