গোমস্তাপুরে বিদ্রোহীদের পক্ষে মাঠে উপজেলা বিএনপির সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পাঁচটি ইউনিয়নে বিদ্রোহী প্রার্থীদের নিয়ে দারুণ বিপাকে পড়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীরা। কেননা, খোদ উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বাইরুল ইসলাম বিদ্রোহী প্রার্থীদের পক্ষে প্রচারণায় নেমেছেন বলে অভিযোগ রয়েছে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল হক ও বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা অভিযোগ করেন, বাইরুল ইসলামের নেতৃত্বেই বিদ্রোহী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করতে দেখা গেছে। এ ছাড়া তিনি বিভিন্ন ইউনিয়নে বিদ্রোহী প্রার্থীদের পক্ষে প্রচারণায়ও নেমেছেন। আলীনগর ইউনিয়নে ছোট ভাই আনোয়ারুল ইসলামকে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নামিয়েছেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল হক বলেন, আলীনগর ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী হচ্ছেন ইসরাফিল হক এবং বিদ্রোহী প্রার্থী হয়েছেন বাইরুল ইসলামের ছোট ভাই আনোয়ারুল ইসলাম। রাধানগর ইউপিতে বিএনপির প্রার্থী মোক্তারুল ইসলাম এবং বিদ্রোহী প্রার্থী হচ্ছেন মতিউর রহমান। পার্বতীপুর ইউপিতে বিএনপির প্রার্থী ইয়াসিন আলী সর্দার ও বিদ্রোহী প্রার্থী মোয়াজ্জেম হোসেন। বাঙ্গাবাড়ী ইউনিয়নে বিএনপির প্রার্থী শহীদুল ইসলাম ও বিদ্রোহী প্রার্থী মনিরুল ইসলাম। রহনপুর ইউনিয়নে বিএনপির গোলাম রাব্বানী এবং বিদ্রোহী প্রার্থী মনিরুজ্জামান সোহরাব।
ইসরাফিল হক আরও বলেন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসন থেকে বিএনপির প্রার্থী জেলা বিএনপির সদস্য হাজি আমিনুল ইসলামের সুপারিশ অনুযায়ী কেন্দ্র থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মনোনীত করা হয়। উপজেলা বিএনপির সভাপতি হয়ে কেন্দ্রের এ মনোনয়নকে উপেক্ষা করে বিদ্রোহীদের পক্ষে বাইরুল ইসলামের অবস্থান দলের বিরুদ্ধে বিদ্রোহের শামিল। এ জন্য তাঁকে খেসারত দিতে হবে বলে মন্তব্য করেন ইসরাফিল হক।
বিদ্রোহী প্রার্থীদের পক্ষে অবস্থান নেওয়ার বিষয়ে বাইরুল ইসলাম বলেন, ‘এলাকায় আমরাই বিএনপির জন্ম দিয়েছি এবং প্রতিষ্ঠা করেছি। অথচ একজনের (আমিনুল ইসলাম) সুপারিশে চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে পুরোনো ও সক্রিয় নেতা-কর্মীদের সঙ্গেও কোনো আলোচনাও করা হয়নি।’
বাইরুল ইসলাম আরও বলেন, স্থানীয় উপযোগিতা বিবেচনা না করে দলাদলিকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর মধ্যে তিনজন বর্তমান চেয়ারম্যানকে বাদ দেওয়া হয়েছে। তাঁরা হলেন আলীনগর ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ও পার্বতীপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন। এই চেয়ারম্যানেরা প্রত্যেকে এলাকায় জনপ্রিয় এবং আবারও নির্বাচিত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। অথচ তাঁদের মনোনয়ন দেওয়া হয়নি।
উপজেলা বিএনপির এই নেতা অভিযোগ করেন, নিবেদিতদের মনোনয়ন না দিয়ে সক্রিয় নন কিন্তু বিশেষ একজনের অনুগত, তাঁদের মনোনয়ন দেওয়া হয়েছে। এ অবস্থায় হতাশ ও ক্ষুব্ধ তৃণমূলের নেতা-কর্মীদের সমর্থন নিয়ে ও তাঁদের সংগঠিত রাখতেই বিএনপির প্রকৃত নেতাদের (বিদ্রোহী) পক্ষে কাজ করছেন বলে মন্তব্য করেন বাইরুল ইসলাম। তিনি আরও বলেন, ‘উপজেলা কমিটির অধিকাংশ সদস্যই (নাম উল্লেখ না করে) আমার সঙ্গে আছে।’
এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দা আশিফা আশরাফির দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।