গোলচত্বরে যানবাহনের জটলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুর ১০ নম্বর গোলচত্বরে পদচারী–সেতুর নিচে চার​দিকের রাস্তা থেকে জড়ো হয়েছে যানবাহন। সৃষ্টি হয়েছে প্রচণ্ড জট। গতকাল বুধবার বেলা তিনটার দিকে তোলা ছবি l সাবিনা ​ইয়াসমিন
মিরপুর ১০ নম্বর গোলচত্বরে পদচারী–সেতুর নিচে চার​দিকের রাস্তা থেকে জড়ো হয়েছে যানবাহন। সৃষ্টি হয়েছে প্রচণ্ড জট। গতকাল বুধবার বেলা তিনটার দিকে তোলা ছবি l সাবিনা ​ইয়াসমিন

বুধবার দুপুর সাড়ে ১২টা। মিরপুর ১০ নম্বর গোলচত্বর। চারদিকে চার রাস্তা। গাড়ি আর গাড়ি। কখনো থেমে থেমে চলা, কখনো স্থবির। জরুরি কাজে বের হওয়া আরোহী-পথচারীরা ও ভুক্তভোগীরা বলেন, সকাল–সন্ধ্যা নেই—সার্বক্ষণিক যানজটে তাঁরা অতিষ্ঠ। বৃষ্টি হলে তো কথাই নেই।
এই যানজট কি ঈদ সামনে রেখে? নানাজনের নানা কথা। কেউ বলেন, ট্রাফিক পুলিশের ব্যর্থতা। কারও মতে, কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও বিমানবন্দরের দিক থেকে উড়ালসড়ক পথে মানিকদী, কালশী হয়ে সহজে ১০ নম্বর এলাকার রাস্তা ব্যবহারের কারণে গাড়ির চাপ। কারও মতে, ফুটপাত ছাড়িয়ে রাস্তায়ও হকারদের আধিপত্যের কারণে এই অবস্থা। আবার অনেকেই বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছ থেকে গাড়ির ডিজিটাল নম্বরপ্লেট সংগ্রহে আসা শত শত গাড়ি সারা দিন রাস্তায় দাঁড়িয়ে থাকায় এই যানজট।
১৩ নম্বর সেকশন এলাকার বিভিন্ন স্কুেল আসা শিক্ষার্থীদের গাড়ির চাপেও যানজট হচ্ছে বলে মন্তব্য এলাকাবাসীর। সবার কথা হচ্ছে, বৃষ্টি হলে যানজট আরও অসহনীয় রূপ নেয়।
গতকাল সরেজমিন ঘুরে যানজটের এই সবগুলো কারণই কমবেশি চোখে পড়ে। কিছু কারণ নতুনও। কথা হয় অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আগারগাঁওয়ের আবদুল আলিম খন্দকারের সঙ্গে। মিরপুর ২ নম্বরে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কার্যালয়ে দুপুর ১২টায় গিয়েছিলেন আবাসিক প্লটের জন্য দেওয়া জামানতের টাকা ফেরত নিতে। সংশ্লিষ্ট কর্মকর্তা বলেছেন, দুই ঘণ্টা পরে এলে চেক দেওয়ার চেষ্টা করবেন। সময় কাটাতে তিনি এসে উঠেছেন ১০ নম্বর গোলচত্বরের পদচারী–সেতুর ওপর।
আবদুল আলিম খন্দকার পদচারী–সেতুর রেলিংয়ে ভর দিয়ে দেখছিলেন চারদিক। বললেন, ‘মনে হচ্ছে রাজধানীর অর্ধেক গাড়ি জড়ো হয়েছে চার রাস্তায়। অনেকক্ষণ ধরেই দেখছি, ট্রাফিক পুলিশ একেকটি রাস্তার যানবাহন ছাড়াতে সিগন্যাল দিচ্ছেন, দুই মিনিটেই বন্ধ করে দিচ্ছেন। কোনো রাস্তার গাড়িই ঠিকভাবে চলতে পারছে না।’ দেখা গেল, পশ্চিম দিকে ফায়ার সার্ভিস কেন্দ্র হয়ে মিরপুর ১১ নম্বর সেকশন, বিপরীত দিকে শেওড়াপাড়া, উত্তরে বিআরটিএ, বনফুল, হারমেন মেইনার স্কুল হয়ে ১৪ নম্বর, অন্যদিকে মিরপুর থানা হয়ে ২ নম্বর সেকশনের রাস্তা—সব রাস্তাই প্রায় অবরুদ্ধ।
এলাকায় বেশ কয়েকজন যানবাহন আরোহী ও পথচারীর সঙ্গে কথা হয়। তাঁদের অভিযোগ, পদচারী–সেতুর নিচে পুলিশ বক্সে বসে থাকা ট্রাফিক পুলিশ কখনো দাঁড়িয়ে গল্প করেন। সিগন্যাল বাতি কাজ করছে নাকি করছে না, বোঝার উপায় নেই। লাল জ্বললে গাড়ি থামছে, সবুল জ্বললে চলছে।
যোগাযোগ করা হলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ বলেন, তাঁর দল রাত-দিন কাজ করছে। যাঁরা উল্টো অভিযোগ করেন, তাঁদের ঘটনাস্থলে দাঁড় করানো হলে এ ধরনের অভিযোগ করতে পারতেন না। তিনি বলেন, অনেকেই ঈদের অনেক আগেই কেনাকাটা সেরে নিচ্ছেন, অফিস সময়ও পাল্টে গেছে—এ জন্য যানজট। তার ওপর বিমানবন্দর থেকে সেনানিবাসের ওপর দিয়ে উড়ালসড়ক থেকে আসা প্রচুর গাড়ির কারণেও যানজট বাড়ছে। মগবাজার উড়ালসেতু নির্মাণের কারণে বিমানবন্দরের দিক থেকে আসা যানবাহন মহাখালী-তেজগাঁও এড়িয়ে চলে। সবচেয়ে বড় কথা, অতিরিক্ত যানবাহন ধারণের উপযুক্ত নয় ১০ নম্বরের রাস্তা।
গোলচত্বরের পাশে শাহ্ আলী বিপণিবিতানের ব্যবসায়ী আবদুল মালেক, গোলাম রসুল, গিয়াসউদ্দিন, মোসাদ্দেক আলী বলেন, অনেক দিন ধরেই গোলচত্বরের চারপাশের রাস্তায় অসহনীয় যানজট। মার্কেটের সামনে বা পাশে যানবাহন দাঁড়াতে দেওয়া হয় না। যানজটের কারণে ক্রেতারা ঠিকভাবে আসতেও পারছেন না বলে আফসোস করেন তাঁরা। এলাকার আরও অন্তত ১০ জন ব্যবসায়ীর মতে, স্থানীয় বিআরটিএ কার্যালয় থেকে ডিজিটাল নম্বরপ্লেট ও লাইসেন্স সংগ্রহ করতে আসা গাড়ির কারণে এলাকায় সবচেয়ে বেশি যানজট হয়।
কাফরুল থানার বিপরীতে রোটারি স্কুল গলিতে থাকেন আফসানা রহমান। শাহ্ আলী বিপণিবিতানে কেনাকাটা করতে এসেছেন। তিনি বললেন, অর্ধেক পথে এসে ২০ টাকা রিকশা ভাড়া দিয়ে নেমে যেতে হয়েছে। কারণ বিআরটিএ কার্যালয়ের সামনে শত শত গাড়ি। রিকশায় বসে থাকলে ঘণ্টা গড়িয়ে যায়। দেখা যায়, কাফরুল থানার বিপরীত থেকে বিআরটিএর প্রধান ফটক পর্যন্ত ট্রাক, বাস, ব্যক্তিগত গাড়ি দুটি সারিতে থেমে আছে।
হকারদের অবস্থান: গোলচত্বরের দক্ষিণ-পূর্ব পাশে ফুটপাত ছেড়ে রাস্তায় বসেছে হকার। হোটেল ‘ঘরের ছোঁয়া’র সামনে রাস্তার ওপর ফলমূলের অনেক দোকান। বিক্রেতা দেলোয়ার বলেন, ‘কোথায় বসব বলে দেন, এখানে ব্যবসা করে সংসার চলে। বসার জন্য পুলিশ ছাড়া অন্যকেও খরচা দিতে হয়।’
শাহ্ আলী বিপণিবিতানের সামনে নানা ধরনের তৈরি পোশাক নিয়ে বসেছেন অন্তত ৫০ জন হকার। বিপরীত দিকে এবং ২ নম্বর সেকশনে থানা ছাড়িয়ে সনি সিনেমা পর্যন্ত ফুটপাত ও রাস্তায় পসরা সাজিয়েছেন হকাররা।
ট্রাফিকের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ বলেন, হকার উচ্ছেদ তাদের কাজ নয়।