গোলটেবিল বৈঠকে সংলাপে বসার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরাসির গণতন্ত্র ও নিরাপত্তা বিশ্লেষক ফ্রেডারিক গ্রের বলেছেন, রাজনৈতিক সমস্যার সমাধান অরাজনৈতিক হলে তা নতুন সমস্যার জন্ম দেবে। গণতন্ত্রকে টেকসই করতে সব রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সংলাপে বসার তাগিদ দিয়েছেন তিনি।
গতকাল রোববার রাজধানীতে এক গোলটেবিল বৈঠকে ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা কার্নেগি এনডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের দক্ষিণ এশিয়া কর্মসূচির পরিচালক ফ্রেডারিক গ্রের এসব কথা বলেন। তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিপস) আয়োজিত ‘দক্ষিণ এশিয়ায় গণতন্ত্র ও সুশাসন পরিস্থিতি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
সাবেক ফরাসি কূটনীতিক ফ্রেডারিক গ্রের তাঁর উপস্থাপনায় দক্ষিণ এশিয়ার দেশগুলোতে গণতন্ত্র, সুশাসন ও সন্ত্রাসবাদের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। গণতন্ত্রকে তিনি নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ না রাখার পক্ষে মত দেন। তিনি বলেন, রাজনৈতিক সমস্যার রাজনৈতিক সমাধান বাঞ্ছনীয়। রাজনৈতিক সমস্যার সমাধান অরাজনৈতিক হলে তা নতুন সমস্যার জন্ম দেবে।
প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে মন্তব্য জানতে চাইলে সরাসরি মন্তব্য করতে ফ্রেডারিক গ্রের অপারগতা প্রকাশ করেন। গোলটেবিল
বৈঠকের পর এ প্রতিবেদকসহ তিন গণমাধ্যম কর্মীর প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশ সম্পর্কে আমি ভালোভাবে জানি না। তাই কাজের অংশ হিসেবে বাংলাদেশ সম্পর্কে জানতে সপ্তাহ খানেকের সফরে এসেছি।
তিনি বলেন, শুধু এ দেশ বলেই নয়, এ ধরনের (বাংলাদেশের মতো) সমস্যার ক্ষেত্রে সবগুলো রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সব পক্ষের আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করা উচিত। এ ক্ষেত্রে বিবেচনায় রাখতে হবে নির্বাচনে জয়লাভের পর বিজয়ী পক্ষ পরাজিত পক্ষের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। আর পরাজিত পক্ষকেও শ্রদ্ধাশীল থাকতে হবে বিজয়ী পক্ষের ব্যাপারে।