গোলাগুলির পর লোকে জানল এখানে জঙ্গি আস্তানা ছিল
গলির একেবারে কোনায় বাড়িটা। দক্ষিণ বাড্ডার সাঁতারকুলের বড় রাস্তা ছেড়ে সরু গলি বেয়ে অন্তত ২০০ মিটার। এখানেই গত ১৯ ফেব্রুয়ারি রাতে জঙ্গি ধরতে আচমকা অভিযান চালিয়েছিল পুলিশ। জঙ্গিরাও আস্তানার ভেতর থেকে গুলি করে। পালানোর সময় কুপিয়ে পুলিশের এক সদস্যকে আহত করে। শেষ পর্যন্ত পাঁচজনের মধ্যে দুজনকে ধরতে পারে পুলিশ। কর্মকর্তারা বলছেন, পরে এ দুজনের তথ্যের ভিত্তিতেই পুলিশ কয়েকটি জঙ্গি আস্তানার সন্ধান পায়, প্রকাশ করা হয় ছয় জঙ্গির ছবি, যাঁদের একজন সুমন হোসেন পাটোয়ারীকে গ্রেপ্তারের কথা গতকাল বৃহস্পতিবার জানিয়েছে পুলিশ।
বাংলাদেশ টেলিভিশনের সাবেক কর্মকর্তা আবু হানিফের চারতলার ওই বাড়ির নিচতলার একটি ফ্ল্যাট গত ১ ফেব্রুয়ারি থেকে মাসিক নয় হাজার টাকায় ভাড়া নেন পাঁচ তরুণ। আবু হানিফ গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমাকে বলল ওরা তিতুমীর কলেজের ছাত্র। বাড়ির নাম, ঠিকানা দিয়ে লিখিত চুক্তি হলো। আমি দেখলাম, সাথে বই-খাতাও আছে। সপ্তাহ দুয়েক পর ওরা বাড়ি ছেড়ে দিতে চাইল। এর তিন দিন পরই পুলিশের অভিযান।’
স্থানীয় বাসিন্দারা জানান, ১৯ ফেব্রুয়ারি যখন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা সাঁতারকুলের বাড়িটিতে অভিযান চালান, তখন বাড়ির কর্তা পাশেই বায়তুল মামুর মসজিদে নামাজ পড়ছিলেন। ওই মসজিদের ইমাম মেজবাহউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘এশার নামাজের সময় হঠাৎ গোলাগুলি শুরু হয়। এরপর শুনি পুলিশ রেইড দিয়েছে। আমরা জানতেও পারি নাই এখানে এই ছেলেরা আছে।’ জঙ্গি সদস্যদের চাপাতির কোপে ডিবির পরিদর্শক বাহাউদ্দীন ফারুকি আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ কামাল ও হিরণ নামের দুই তরুণকে গ্রেপ্তার করে।
সাঁতারকুলের ওই বাড়ির মালিক বলছিলেন, তরুণেরা যে তাঁকে নাম-বাড়ির ঠিকানা সব ভুল বলেছে, সেটা তিনি বুঝতে পারেননি। তবে এ জন্য তাঁকে মাশুল দিতে হয়েছে। পুলিশ তাঁকে, তাঁর জামাতা ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছেলেকে ধরে নিয়ে যায়। ৪২ দিন কারাগারে থাকার পর তাঁরা ছাড়া পান। বায়তুল মামুর মসজিদের ইমাম মেজবাহউদ্দিন জানান, ১৮ দিন ওই এলাকায় থাকলেও ওই তরুণদের কাউকে তিনি এক বেলাও মসজিদে নামাজ পড়তে আসতে দেখেননি।
ঢাকা মহানগর ডিবির উপকমিশনার (দক্ষিণ) মাশরুকুর রহমান বলেন, দক্ষিণ বাড্ডার সাঁতারকুলের অভিযানের পরিপ্রেক্ষিতে পরে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এঁদের বেশির ভাগই ছাত্র। বয়স ২০ থেকে ৩০-এর কোঠায়।
কেবলই মসলা পেষার শব্দ: গ্রেপ্তার দুই জঙ্গির তথ্যের ভিত্তিতে ১৯ ফেব্রুয়ারিতেই পুলিশ দক্ষিণখানের আইডিয়াল স্কুলের কাছে একটি ভবনে অভিযান চালায়। কিন্তু আগে থেকেই খবর পেয়ে পালিয়ে যায় সেখানে বসবাসকারীরা। পুলিশ ঘটনাস্থল থেকে বোমা তৈরির সরঞ্জাম, ল্যাপটপ ও অন্যান্য আলামত নিয়ে আসে।
ওই বাড়ির একজন ভাড়াটিয়া প্রথম আলোকে বলেন, ‘ছেলেগুলো ছিল কেতাদুরস্ত। চারতলায় থাকত। হাল ফ্যাশনের জামাকাপড় পরত। দেখলে ছাত্র ছাড়া অন্য কিছু মনে করার সুযোগ নেই। একটা জিনিসেই শুধু খটকা লাগত। দিনে-রাতে মসলা পেষার শব্দ পেতাম ওপর থেকে।’ ওই নারী জানান, একদিন তিনি নিজেই ওপরে উঠে গিয়ে দেখতে চান। কিন্তু তরুণেরা তাঁকে শুধু ল্যাপটপ দেখান এবং তাঁরা কোনো শব্দ করেন না বলে জানান।
ওই বাড়ির মালিক যুক্তরাজ্যপ্রবাসী। বাড়িটির দেখাশোনা করেন নজরুল ইসলাম। প্রথম আলোকে তিনি বলেন, ওই তরুণদের বয়স ছিল ২০-২২ বছর। তাঁরা ভাড়া নেওয়ার সময় বলেছিলেন, একজন বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোচিং করছেন। আরেকজন জানান তিনি নির্মাণসামগ্রীর ব্যবসা করেন। বছর খানেক ওঁরা ছিলেন। নির্মাণসামগ্রীর আড়ালে যে তরুণেরা বিস্ফোরক এনে বোমা তৈরি করছিলেন, তা বাড়ির ভাড়াটেরা কেউ বুঝতেই পারেননি।
সরদারপাড়ার রাস্তার মোড়ের এক মুদি দোকানি প্রথম আলোকে বলেন, তাঁরা কখনো এসব বুঝতেই পারেননি। ওই তরুণেরা কারও সঙ্গে মেলামেশা করতেন না। পুলিশ আসার পর তাঁরা জানতে পারেন, সেখানে জঙ্গিরা আস্তানা গেড়েছে। দক্ষিণ বাড্ডায় গ্রেপ্তার তরুণদের দেওয়া তথ্যের ভিত্তিতে ২০ ফেব্রুয়ারি পুলিশ মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। ওই দিন সেখান থেকে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে বোমা ও বোমা তৈরির সরঞ্জাম মিলেছে।
ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার মো. ছানোয়ার হোসেন জানান, মোহাম্মদপুরের বাড়ি থেকে যে বোমা পাওয়া যায়, সেগুলো ছিল উচ্চ ক্ষমতাসম্পন্ন। অন্যদিকে দক্ষিণখান থেকে যে বোমা পাওয়া যায়, সেগুলো ছিল আধুনিক।
এদিকে ঢাকা মহানগর পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কাছ থেকে তাঁরা প্রচুর তথ্য পেয়েছেন। খুব শিগগির পুরস্কারঘোষিত ছয়জনের মধ্যে আরও কয়েকজন গ্রেপ্তার হতে পারেন। পত্রপত্রিকায় ছয়জনের ছবি প্রকাশের পর সাড়ে তিন শতাধিক ফোন আসে পুলিশের কাছে। জনসাধারণের দেওয়া ও পুলিশের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই খুনিদের অবস্থান সম্পর্কে পুলিশ নিশ্চিত হয়েছে। খোঁজখবর নিয়ে পুলিশ দেখেছে, প্রতিটি খুনের আগে জঙ্গিগোষ্ঠীর সদস্যরা তাঁদের টার্গেট করা ব্যক্তির বাসা বা কর্মস্থলের কাছে লম্বা সময় ধরে ঘোরাফেরা করেছেন। প্রযুক্তি ব্যবহার করে খুনিদের পরিচয় সম্পর্কে আরও নিশ্চিত হওয়া গেছে।