গোলাপবাগ মাঠ থেকে নির্মাণসামগ্রী সরছে
১০ বছর পর রাজধানীর গোলাপবাগ মাঠ থেকে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়া হচ্ছে। এতে মহল্লার শিশু-কিশোর ও যুবকদের মনে স্বস্তি ফিরেছে। শিগগিরই মাঠটি সংস্কার করে খেলাধুলার উপযোগী করা হবে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
স্থানীয় বাসিন্দারা বলেন, গোলাপবাগ মাঠ ছাড়া এই এলাকায় খেলাধুলা করার জন্য বিকল্প কোনো জায়গা নেই। এই মাঠে নির্মাণসামগ্রী ও যন্ত্রপাতি রাখায় শিশু-কিশোরেরা খেলাধুলা থেকে বঞ্চিত হয়েছে। অবিলম্বে এই মাঠ সংস্কার করে খেলাধুলার উপযোগী করতে হবে। মাঠ এলাকাটি ডিএসসিসি ৪৯ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্তি।
ডিএসসিসি সূত্র জানায়, গোলাপবাগ মাঠটির আয়তন ৪ দশমিক ৫২ একর। ২০০৬ সাল থেকে পুরো মাঠটিতে উড়ালসড়কের নির্মাণসামগ্রী রাখে নির্মাণকারী প্রতিষ্ঠান। ২০১৩ সালের ১১ অক্টোবর উড়ালসড়ক উদ্বোধন করা হয়। কিন্তু নির্মাণসামগ্রী ও যন্ত্রপাতি সরানো হয়নি। গত কয়েক দিন আগে এই মাঠ থাকা কয়েকটি নির্মাণসামগ্রী ও যন্ত্রপাতি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় ডিএসসিসি। ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন প্রথম আলোকে বলেন, এই মাঠ থেকে উড়ালসড়কের নির্মাণসামগ্রী ও যন্ত্রপাতি সরাতে একাধিকবার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তারা তা করেনি। অবৈধভাবে মাঠটি দখল করে রেখেছে। পরে বাধ্য হয়ে বুলডোজার দিয়ে অভিযান চালানো হয়। আগামী এক মাসের মধ্যে মাঠটি পরিষ্কার হবে৷ তিনি আরও বলেন, এই মাঠটি সংস্কার করতে উদ্যোগ নিয়েছে ডিএসসিসি। ইতিমধ্যে নকশা চূড়ান্ত করা হয়েছে।
গতকাল বুধবার সরেজমিনে দেখা যায়, পুরো মাঠে ভাঙাচোরা ইট-পাথর ছড়িয়ে রয়েছে। মাঠের দক্ষিণ পাশে নির্মাতা প্রতিষ্ঠানের দপ্তর ও থাকার ঘর ভাঙছেন শ্রমিকেরা। উত্তর পাশে রাখা রয়েছে উড়ালসড়কের নির্মাণসামগ্রী। পৃথক কয়েকটি স্থানে বড় বড় গর্ত রয়েছে। এর মধ্যেই চারটি দলে ক্রিকেট খেলছে মহল্লার শিশু-কিশোরেরা। মাঠে উড়ছে ধুলাবালু। মাঠের ভেতর নির্মাতা প্রতিষ্ঠানের কাউকে পাওয়া যায়নি।
ধলপুর থেকে বন্ধুদের নিয়ে মাঠে খেলতে এসেছে কিশোর সোহেল রানা। সে বলে, এই এলাকায় কোনো খেলার মাঠ নেই। এই মাঠে নির্মাণসামগ্রী ও যন্ত্রপাতি রাখায় তারা দীর্ঘদিন ধরে খেলতে পারেনি। এখন মাঠ থেকে তা সরানোয় তারা অনেক খুশি। তার সঙ্গে থাকা মো. সুজন বলে, এই মাঠের এক পাশে খালি জায়গায় ক্রিকেট খেলার পিচ বানিয়েছে তারা। কিন্তু বল ধরতে দৌড়াতে গেলে হোঁচট খেতে হয়। মাঠটি সংস্কার করে খেলাধুলার উপযোগী করার দাবি জানিয়েছে তারা। গোলাপবাগের স্থানীয় বাসিন্দা ফারুক আহমেদ বলেন, আগে মহল্লার সব শ্রেণির শিশু-কিশোর এই মাঠে খেলাধুলা করত। মাঠকে ঘিরে দুটি ক্লাবও ছিল। কিন্তু মাঠটিতে উড়ালসড়কের নির্মাণসামগ্রী রাখার পর থেকে খেলাধুলা বন্ধ হয়ে যায়। এই মাঠ থেকে উড়ালসড়কের নির্মাণসামগ্রী সরিয়ে নিতে একাধিকবার সড়ক অবরোধ, সমাবেশ, মানববন্ধন করেছেন তাঁরা।
ডিএসসিসি প্রকৌশল দপ্তরের এক কর্মকর্তা বলেন, ২০১৪ সালের জুনে নির্মাতা প্রতিষ্ঠানের এই মাঠ ব্যবহারের সময়সীমা শেষ হয়। এরপর তাদের নির্মাণসামগ্রী সরিয়ে একাধিকবার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তারা তা সময়মতো অপসারণ করেনি।