গোলাপবাগসহ সব মাঠ উদ্ধারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গোলাপবাগ মাঠসহ সব খেলার মাঠ, উন্মুক্ত স্থান ও পার্কগুলো উদ্ধার, উন্নয়ন ও সুষ্ঠু রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন। গতকাল শুক্রবার সকালে গোলাপবাগ মাঠের সামনে আয়োজিত নাগরিক সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), গোলাপবাগ মাঠ রক্ষা আন্দোলন ও গ্রিন ভয়েসের যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে সব খেলার মাঠ ও পার্ক রক্ষায় স্থানীয় বাসিন্দাদের নিয়ে নাগরিক কমিটি গঠনেরও দাবি জানানো হয়।
সমাবেশের সভাপতি গোলাপবাগ মাঠ রক্ষা আন্দোলনের সমন্বয়ক হাসনাত জুবায়ের বলেন, মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়ক নির্মাণের সময় নির্মাণসামগ্রী রাখা হয় গোলাপবাগ মাঠে। যার ফলে বছরের পর বছর মাঠটি খেলাধুলা ও হাঁটাচলার অনুপযোগী হয়ে আছে। কাজ শেষ এবং উড়ালসড়ক চালুর পর এখন পর্যন্ত মাঠে রাখা নির্মাণসামগ্রী সরানো হয়নি। কয়েক মাস ধরে মাঠটি ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হলেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কোনো পদক্ষেপ নিচ্ছে না।
স্থানীয় আওয়ামী লীগ নেতা গাজী শামীম আহমেদ বলেন, এই মাঠটিকে খেলাধুলার উপযোগী করে দ্রুত সময়ের মধ্যে ফিরিয়ে দেওয়ার নির্বাচনী অঙ্গীকার ছিল বর্তমান মেয়রের। নির্বাচনের নয় মাস পরও এর বাস্তবায়ন হয়নি।
বাপার যুগ্ম সম্পাদক হুতমায়ূন কবির বলেন, মাঠ না থাকলে ভালো খেলোয়াড় তৈরি হতে পারে না। রাজধানীর বেশির ভাগ খেলার মাঠ দখল হয়ে যাচ্ছে, অথবা খেলাধুলার অনুপযোগী করে রাখা হয়েছে।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টি নেতা আকতার হোসেন দেওয়ান, গ্রিন ভয়েস জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আবদুস সামাদ, স্থানীয় বাসিন্দা কামরুজ্জামান ও আতিকুর রহমান।