গোলাম আযমের অবস্থা ভালোর দিকে
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ৯০ বছরের কারাদণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের অবস্থা ভালোর দিকে। গতকাল বুধবার তিনি কথাবার্তা বলেছেন, খাওয়া-দাওয়া করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের সূত্র এসব জানিয়েছে।
৯২ বছর বয়সী গোলাম আযম বিএসএমএমইউ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
বিএসএমএমইউ হাসপাতালের কারাকক্ষে (প্রিজন সেল) আটক গোলাম আযমের গত মঙ্গলবার সকালে শ্বাসকষ্ট শুরু হলে তাঁকে করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। তিনি হৃদ্রোগ বিভাগের প্রধান মো. আবু সিদ্দিকের তত্ত্বাবধানে আছেন।
গোলাম আযমের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল দলের প্রধান ও বিএসএমএমইউর মেডিসিন অনুষদের ডিন এবিএম আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, গোলাম আযমের অবস্থা ভালোর দিকে। মঙ্গলবারের তুলনায় তিনি বেশ ভালো আছেন। কথাবার্তা, খাওয়া-দাওয়া স্বাভাবিক। রক্তচাপও নিয়ন্ত্রণে আছে। তিনি বলেন, মঙ্গলবার গোলাম আযমের হৃৎস্পন্দন হঠাৎ বেড়ে গিয়েছিল। খুব মৃদু একটা হার্ট অ্যাটাকও হয়ে থাকতে পারে।
মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ১৫ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ডাদেশ দেন।