মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের দণ্ডাদেশের বিরুদ্ধে করা দুটি আপিলের ওপর ২ ডিসেম্বর শুনানির দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
গতকাল বুধবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ শুনানির এ দিন ধার্য করেন। বেঞ্চের অপর চার বিচারপতি হলেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।
মানবতাবিরোধী অপরাধের দায়ে গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ড দেন মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ের বিরুদ্ধে গোলাম আযম ও রাষ্ট্রপক্ষ পৃথক আপিল করে। গতকাল আপিলের শুনানির দিন ধার্যের জন্য আপিল দুটি আপিল বিভাগের কার্যতালিকায় আসে।
আদালতে গোলাম আযমের পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন শুনানিতে বলেন, গোলাম আযমের বয়স ৯২ বছর, কারাদণ্ড হয়েছে ৯০ বছর। তিনি সংকটজনক অবস্থায় হাসপাতালের সিসিইউতে আছেন। তাই এই আপিলের ওপর শুনানির প্রয়োজন না-ও হতে পারে।
শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এই আপিলের শুনানি না হলে পরবর্তী সময়ে করা আপিলগুলোর শুনানি থেমে থাকবে। অসুস্থতার কথা বলে মামলার বিচারকাজ থেমে থাকতে পারে না।
মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ১৫ জুলাই গোলম আযমকে ৯০ বছরের কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ট্রাইব্যুনালের রায়ে বলা হয়, প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণ, দালিলিক নথি ও যুক্তিতর্কের ভিত্তিতে আসামির বিরুদ্ধে গঠন করা পাঁচটি অভিযোগের সবগুলো রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে। তাঁর অপরাধ মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য হলেও বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় তাঁকে মৃত্যুদণ্ড না দিয়ে ৯০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে ও খালাস চেয়ে গত বছরের ৫ আগস্ট আপিল করেন গোলাম আযম। আর সর্বোচ্চ শাস্তি চেয়ে ১২ আগস্ট রাষ্ট্রপক্ষ আপিল করে।