গোলাম আলী ফকির মারা গেছেন
খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বাংলাদেশ ইউনিভার্সিটির বর্তমান উপাচার্য মো. গোলাম আলী ফকির গতকাল শনিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সকাল ছয়টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
বাংলাদেশ ইউনিভার্সিটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বাদ জোহর উত্তরার গাউসুল আজম জামে মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমের লাশ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আজ রোববার বাগেরহাটের ফকিরহাটে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি কাজী জামিল আজহার, খুলনাস্থ ফকিরহাট সমিতি, ফকিরহাট কণ্ঠস্বর সাহিত্য ও শিল্প পরিষদ।