গোলাম রাব্বীর আতঙ্ক কাটেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীর এখনো আতঙ্ক, হতাশা কাটেনি। সারাক্ষণই ভাবছেন, তাঁর সামনের দিনগুলো কীভাবে পার হবে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম আলোকে বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগের এই কর্মকর্তা বলেন, ‘জীবনে কখনো ভাবিনি পুলিশের কাছে স্টেটমেন্ট দিতে হবে। পুলিশ এসে বারবার ঘটনার সময়ের হিসাব চায়। আমি তো স্ক্রিপ্ট লিখতে বসিনি। এটা তো সিনেমা, নাটক না। পুলিশ সময়ের গরমিল বের করে বলতে চায়, ঘটনা তো এইটা না। আমার গায়ে ক্ষত নেই, আবার ক্ষত আছেও। তারা তা মাপতে চায়।’
রাব্বী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের মানসিক রোগ বিভাগের রেজিস্ট্রার রশিদুল হক বলেন, রাব্বী সারাক্ষণ ভাবছেন তাঁকে কেউ মেরে ফেলবে। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। ওষুধের পাশাপাশি মানসিক অবস্থার উন্নতিতে কাউন্সেলিং চলছে।
রাব্বী বন্ধুরা বলেছেন, তাঁকে নির্যাতনের প্রতিবাদে আজ বেলা সাড়ে তিনটায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে তাঁরা মানববন্ধন করবেন।
গত শনিবার রাব্বী মোহাম্মদপুরে খালার বাসা থেকে কল্যাণপুরে নিজের বাসায় যাচ্ছিলেন। পথে পুলিশ তাঁকে ‘ইয়াবা ব্যবসায়ী’ উল্লেখ করে নির্যাতন করে। রাব্বীর অভিযোগের ভিত্তিতে মোহাম্মদপুর থানার এসআই মাসুদকে প্রত্যাহার করে ঘটনার তদন্ত চলছে।
মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দীন মীর প্রথম আলোকে বলেন, ঘটনাটির তদন্ত করতে মোহাম্মদপুর অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার হাফিজ আল ফারুক হাসপাতালে ব্যাংক কর্মকর্তার কাছ থেকে বিভিন্ন তথ্য জানতে একাকী যাচ্ছেন।
মাসিক অপরাধ পরিস্থিতি নিয়ে গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সভাতেও গোলাম রাব্বীর ঘটনা আলোচনায় আসে বলে কয়েকজন পুলিশ কর্মকর্তা প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তাঁরা বলেন, এ সময় ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া পুলিশ সদস্যদের উদ্দেশ করে বলেন, কোনো পুলিশ সদস্যের ব্যক্তিগত অপরাধের দায় পুলিশ বাহিনী নিতে পারে না। ব্যক্তির অপরাধের শাস্তি ব্যক্তিকেই পেতে হবে। অপরাধ করলে কোনো পুলিশ সদস্য ছাড় পাবেন না।