গোল্ডকাপ ফুটবলে পঞ্চপুকুর চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলা স্টেডিয়ামে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত খোকন দা আন্ত-ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হেয়ছে। খেলায় পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদ ফুটবল দল ১-০ গোলে চওড়াবড়গাছা ইউনিয়ন পরিষদ দলকে পরাজিত করেছে।
বিজয়ী দলের পক্ষে গোলটি করেন এমরি। সদর উপজেলার ১৫টি ইউনিয়নের ১৫টি ফুটবল দল এ টুর্নামেন্টে অংশ নেয়।
বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
এ সময় মন্ত্রী ক্রীড়ামোদী দর্শক ও খেলোয়াড়দের উদ্দেশে বলেন, এ বছর ১৫টি ইউনিয়ন নিয়ে খেলা অনুষ্ঠিত হয়েছে। আগামী বছর থেকে এর পরিধি বাড়ানো হবে। আগামী বছর ১৫টি ইউনিয়নের সঙ্গে পৌরসভার একটি দল মিলে ১৬ দলের খেলা হবে। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি সাবেত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাকীর হোসেন, পুলিশ সুপার জোবায়েদুর রহমান, জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফ হোসেন, সদর উপজেলার ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি হাফিজুর রশীদ প্রমুখ।
৭ নভেম্বর বিকেলে নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ টুর্নামেন্ট শুরু হয়।
ঢেউটিন বিতরণ: নীলফামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১১০টি পরিবারের প্রতিটিকে এক বান্ডিল ঢেউটিন ও নগদ তিন হাজার টাকা দেওয়া হয়েছে। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর গতকাল দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে এসব সামগ্রী বিতরণ করেন।
ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবুল আসাদ মিয়া জানান, সম্প্রতি জেলা সদরের নয়টি ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১১০টি পরিবারের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এসব অনুদান দেওয়া হয়েছে।