গোসাইরহাটে ধসে পড়ল বিদ্যালয় ভবনের ছাদ
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার মহেশ্বরপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত পাকা ভবনের সামনের ছাদের অংশ ধসে পড়েছে। গত শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মহেশ্বরপট্টি গ্রামে ১৯৮৫ সালে এ প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়। ১৯৯৬ সালে বিদ্যালয়ে চার কক্ষের পাকা ভবন নির্মাণ করা হয়। কিন্তু নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ কারণে ২০১৩ সালের ৫ মার্চ জেলা প্রশাসকের উপস্থিতিতে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপরও একটি কক্ষে শিশুদের পাঠদান চলত। আরেকটি কক্ষে দাপ্তরিক কাজ করা হতো। শনিবার বিকেলে হঠাৎ ভবনটির ছাদের সামনের অংশ ভেঙে পড়ে। ভবনে প্রবেশের দরজা বন্ধ হয়ে যায়।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী নেই। শিক্ষকেরা মাঠে বসে আছেন।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. আবুল বাশার বলেন, ‘২০১৩ সালে প্রশাসনের পক্ষ থেকে ভবনটি আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করে। এরপরও কক্ষ সংকটের কারণে ঝুঁকিপূর্ণ ভবনে দাপ্তরিক কাজ করতাম, শিশুদের পাঠদান দেওয়া হতো। বিদ্যালয় বন্ধ ছিল। তা না হলে ছাদ ভেঙে হতাহতের ঘটনা ঘটতে পারত।
মহেশ্বরপট্টি গ্রামের বাসিন্দা দিদারুল ইসলাম বলেন, ‘আমার এক শিশুসন্তান তৃতীয় শ্রেণিতে পড়ে। বিদ্যালয়ের ভবনের ছাদ ভেঙে পড়ার এ ঘটনায় আমরা আতঙ্কিত বোধ করি। এরপর থেকে সন্তানকে আর বিদ্যালয়ে পাঠাচ্ছি না।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, নির্মাণত্রুটির কারণে ২০ বছরেই পাকা ভবনটির ছাদ ভেঙে পড়েছে। তিন বছর আগে ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। পাঠদান কার্যক্রম অব্যাহত রাখার জন্য বিদ্যালয়ের মাঠের পাশে দুই কক্ষের একটি টিনের ঘর নির্মাণ করা হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী অরবিন্দ রায় বলেন, ভবন ভেঙে পড়ার কারণ খতিয়ে দেখা হবে।