গোয়াইনঘাটে পানি বেড়েছে সুনামগঞ্জে নিম্নাঞ্চল প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গতকাল বৃহস্পতিবার টানা বৃষ্টি বন্ধ হওয়ায় পাহাড়ি ঢল কমলেও বন্যার পানি বেড়েছে। নতুন করে প্লাবিত হয়েছে কোম্পানীগঞ্জ উপজেলার একাংশ। সুনামগঞ্জে সুরমা নদী ও হাওরে পানি বেড়েছে। এতে জেলার চারটি উপজেলার নিচু অঞ্চল প্লাবিত হয়েছে।
গতকাল সকালে গোয়াইনঘাটের পূর্ব জাফলং ও নন্দিরগাঁও ইউনিয়নের কয়েকটি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। পানি বাড়ায় জেলা সদরের সঙ্গে উপজেলার সড়ক যোগাযোগের বিচ্ছিন্ন অবস্থা কাটেনি।
গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরী জানান, উপজেলার সড়ক যোগাযোগব্যবস্থার প্রায় ৭০ শতাংশ বন্যাকবলিত হয়েছে।
কোম্পানীগঞ্জের ধলাই নদ দিয়ে পাহাড়ি ঢল নামায় দয়ারবাজার এলাকাসহ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। ইউএনও মো. রুকনউদ্দিন আহমদ জানান, পাহাড়ি ঢলে দয়ারবাজার-ভাটরাই রাস্তার একটি বক্স কালভার্ট ভেঙে আশপাশের এলাকা প্লাবিত হয়েছে। কালভার্ট ভাঙায় দয়ারবাজারের সঙ্গে কোম্পানীগঞ্জ উপজেলা সদরের সরাসরি যোগাযোগও বন্ধ রয়েছে।
সিলেটের আবহাওয়া অফিস সূত্র জানায়, গত বুধবার ভোর ছয়টা থেকে বৃহস্পতিবার ভোর ছয়টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ১৪৪ দশমিক ২ মিলিমিটার। এর আগে মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ ছিল ৩০ দশমিক ৮ মিলিমিটার।
সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপৎসীমার ৮২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী জানায়, দোয়ারাবাজার উপজেলার খাসিয়ামারা নদী হয়ে পাহাড়ি ঢলের পানি নেমে উপজেলার সুরমা, বাংলাবাজার ও লক্ষ্মীপুর ইউনিয়নের অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। ঢলের পানিতে তলিয়ে গেছে দোয়ারাবাজার-টেংরাটিলা সড়ক। দোয়ারাবাজারের ইউএনও সাইফুল ইসলাম জানিয়েছেন, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে উপজেলার কিছু এলাকায় পানি বেড়েছে। বর্ষণ ও ঢল বন্ধ হলে এই পানি নেমে যাবে।
তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান জানান, ঢলের পানিতে বিশ্বম্ভরপুর-তাহিরপুর সড়ক প্লাবিত হয়েছে। উপজেলার নিম্নাঞ্চলের পানিও বেড়েছে। সুনামগঞ্জ পৌর শহরের নবীনগর এলাকার সড়ক উপচে সুরমা নদীর পানি শহরে প্রবেশ করেছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. মামুন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ১৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাহাড়ি ঢল ও ভারী বর্ষণ অব্যাহত থাকায় নদীর পানি বাড়ছে।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক দেবজিৎ সিংহ জানান, পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে জেলার কিছু কিছু এলাকায় পানি বেড়েছে। তবে বন্যার আশঙ্কা নেই।