গোয়াইনঘাটে সেতু ধসে আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের সারী-গোয়াইনঘাট সড়কের বার্কিপুর স্টিলের সেতু ধসে পড়েছে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। গত বৃহস্পতিবার অতিরিক্ত ওজনের একটি ট্রাক ওঠায় এ দুর্ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন।
স্থানীয় লোকজন জানান, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা গোয়াইনঘাটগামী একটি সিমেন্টবোঝাই ট্রাক গোয়াইনঘাট উপজেলার বার্কিপুর সেতুতে ওঠে। এতে সেতুটি ভেঙে পড়ে। এ সময় ট্রাকচালক রফিকুল ইসলাম (৩০), তাঁর সহকারীসহ চারজন সেতুর নিচে পড়ে আহত হন। স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত অপর তিনজনের নাম-পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, গোয়াইনঘাট ট্রাকচালক সমিতির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন।
এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালাহ উদ্দিন বলেন, সেতুর মধ্যে ট্রাকটি আটকা পড়েছে। বিষয়টি রাতেই সড়ক ও জনপথ বিভাগকে জানানো হয়েছে।