গোয়ালন্দ মোড়ে গতিরোধক নির্মাণের দাবি
রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে গতিরোধক নির্মাণের দাবিতে গতকাল সোমবার প্রায় আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন এলাকাবাসী। এতে দুর্ভোগে পড়ে যাত্রীরা।
স্থানীয় বাসিন্দা ইমরান হোসেন খান জানান, গোয়ালন্দ মোড়ের তিন পাশে গতিরোধকের দাবিতে শতাধিক মানুষ সড়ক অবরোধ করে। এতে দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। এ সময় গোয়ালন্দ মোড়-ফরিদপুর, গোয়ালন্দ মোড়-দৌলতদিয়া ও গোয়ালন্দ মোড়-রাজবাড়ী সড়কে কয়েক শ যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে রাজবাড়ীর নির্বাহী হাকিম জামিরুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম, সড়ক ও জনপথের (সওজ) কর্মকর্তারা সেখানে যান। তাঁরা গতিরোধক নির্মাণের প্রতিশ্রুতি দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।
জামিরুল ইসলাম জানান, গতিরোধকের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ এলাকাবাসী। গোয়ালন্দ মোড়ের তিন পাশে আগের মতো গতিরোধক নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হলে অবরোধ তুলে নেওয়া হয়।
চলতি বছর দেশের বিভিন্ন স্থানের মতো ব্যস্ততম গোয়ালন্দ মোড়ে গতিরোধক তুলে দেওয়া হয়। এখানে সড়ক দুর্ঘটনায় কয়েক ব্যক্তি হতাহত হলে স্থানীয়রা আবারও গতিরোধক নির্মাণের দাবি জানান।