গোয়ালন্দ মোড়ভিত্তিক নতুন উপজেলা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়কেন্দ্রিক ‘বিজয় নগর’ নামে উপজেলা বাস্তবায়নের দাবি উঠেছে। এ দাবিতে গত শনিবার শোভাযাত্রা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
‘বিজয় নগর উপজেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদ’ দুপুরে গোয়ালন্দ মোড়ের বিজয়-৭১ চত্বরে মানববন্ধনের আয়োজন করে। ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে রাজনীতিক, ব্যবসায়ীসহ সহস্রাধিক মানুষ অংশ নেন। কর্মসূচি চলাকালে উপজেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক খান মোহাম্মদ নাজমুল হক, কমিটির সদস্য মিজানুর রহমান, ব্যবসায়ী মোল্লা জয়নাল আবেদীন, ব্যাংকার ফয়জুল ইসলাম, স্থানীয় শহীদ ওহাবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. হাবিবুর রহমান, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রতন কুমার দাস, সাধারণ সম্পাদক মো. শহীদ খান, ইউনিয়ন বিএনপির নেতা হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, স্থানীয় শহীদ ওহাবপুর, মূলঘর, বসন্তপুর, সুলতানপুর, খানখানাপুর ও পাঁচুরিয়া ইউনিয়নের সমন্বয়ে ‘বিজয় নগর’ নামে নতুন উপজেলা ঘোষণা করতে হবে। সেটা হলে এলাকাবাসীর উন্নয়ন ও শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠাসহ যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
পরে মানববন্ধনে অংশগ্রহণকারীরা শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি স্থানীয় দৌলতদিয়া-খুলনা মহাসড়ক ও রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে।