গোয়ালন্দে অস্ত্রের মুখে টাকা ও গরু লুট
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের রসুলপুর গ্রামে অস্ত্রের মুখে জিম্মি করে এক বাড়ি থেকে টাকা ও গরু লুটের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার বিকেলে গ্রামের আলো রানীর বাড়িতে এই ঘটনা ঘটেছে।
গ্রামবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, আলো রানী বালার ছেলে বাবুর (২৬) সঙ্গে স্থানীয় বিলডাঙ্গা গ্রামের সুজাতের (২৮) ব্যবসায়িক লেনদেন ছিল। সুজাতের নেতৃত্বে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মোল্লাপাড়ার শহিদ (২৮), রসুলপুর গ্রামের মুন্নু (২৯), গোয়ালন্দ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নছর উদ্দিন সরদারপাড়ার শরিফ (২৭) ও মানিকগঞ্জের শিবালয় থানার ফরিদ দেওয়ান (২৭) একটি নসিমন নিয়ে বৃহস্পতিবার বিকেলে বাবুর বাড়িতে হাজির হন। এ সময় তারা অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে তিনটি গরু ও নগদ ৪০ হাজার টাকা লুট করেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহজালাল বলেন, মাদক ব্যবসার পাওনা টাকা না দেওয়ায় গরু নিয়ে যাওয়ার ঘটনাটি ঘটেছে। খোয়া যাওয়া গরু উদ্ধার ও দোষীদের আটকের চেষ্টা চলছে।
এইচএসসি পরীক্ষা
শরীয়তপুরে পাঠদান বন্ধ থাকবে ১৪ বিদ্যালয়ের
শরীয়তপুর প্রতিনিধ
শরীয়তপুরে এইচএসসি পরীক্ষার জন্য ১৪টি উচ্চবিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ওই বিদ্যালয়গুলোর কক্ষে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ কারণে পরীক্ষা চলাকালে বিদ্যালয়গুলো বন্ধ রাখা হবে। দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ রাখার ঘোষণায় শিক্ষার্থীরা পড়ালেখা ব্যাহত হওয়ার আশঙ্কা করছে।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, শরীয়তপুরে এ বছর ২১টি কলেজের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষা দেবে। ৩ এপ্রিল থেকে এই পরীক্ষা শুরু হবে। এবার জেলায় এইচএসসি পরীক্ষা অনুষ্ঠানের জন্য সাতটি কলেজকে কেন্দ্র বানানো হয়েছে। ওই কেন্দ্রগুলোতে স্থানের সংকুলান না হওয়ায় কেন্দ্রের পাশে অবস্থিত ১৪টি বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা চলাকালে বিদ্যালয়গুলোর পাঠদান কার্যক্রম বন্ধ রাখা হবে। শরীয়তপুর সদরের পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চবিদ্যালয়, শরীয়তপুর সরকারি বালিকা বিদ্যালয়, ডোমসার জগৎ চন্দ্র ইনস্টিটিউশন, নড়িয়া উপজেলার নড়িয়া বিহারীলাল উচ্চবিদ্যালয়, বিঝারী উপসি তারাপ্রসন্ন উচ্চবিদ্যালয়, ডগ্রী ইসমাইল হোসেন স্কুল, সুরেশ্বর হাই স্কুল, ভেদরগঞ্জ উপজেলার ভেদরগঞ্জ মডেল উচ্চবিদ্যালয়, জাজিরা উপজেলার জাজিরা মাধ্যমিক বিদ্যালয়, দক্ষিণ ডুবলদিয়া আবদুর রাজ্জাক হাই স্কুল, বিকেনগর পাবলিক হাই স্কুল, গোসাইরহাট উপজেলার ইদিলপুর পাইলট উচ্চবিদ্যালয়, ডামুড্যা উপজেলার ডামুড্যা পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও ডামুড্যা মুসলিম উচ্চবিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
বিঝারি উপসি তারাপ্রসন্ন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী বেলায়েত হোসেন বলে, ‘এইচএসসি পরীক্ষার জন্য আমাদের বিদ্যালয় প্রায় দুই মাস বন্ধ থাকবে। এর আগে এসএসসি পরীক্ষার কারণে দেড় মাস স্কুলের ক্লাস বন্ধ ছিল। এভাবে চলতে থাকলে আমাদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে।’
ইদিলপুর পাইলট উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী দেলোয়ার হোসেন বলে, ‘এসএসসি ও জেএসসিতে আমাদের বিদ্যালয় অনেক দিন বন্ধ থাকে। এ বছর আবার এইচএসসি পরীক্ষার জন্য প্রায় দুই মাস বিদ্যালয় বন্ধ থাকবে। এতে আমাদের পড়ালেখার অবস্থা অনেক খারাপ হবে। বিদ্যালয়ে ক্লাস না হলে আমাদের অনেক সমস্যা হয়। যার প্রভাব পড়ে পরীক্ষার ফলাফলে।’
শরীয়তপুর সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুচিত্রা রানী বিশ্বাস বলেন, ‘এভাবে বিদ্যালয় বন্ধ থাকলে শিক্ষার্থীদের ক্ষতি হয়। সরকারি সিদ্ধান্ত আমাদের মানতে হচ্ছে, তাই এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ রাখা হবে।’
শরীয়তপুরের জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান বলেন, ‘পরীক্ষার মূল কেন্দ্রগুলোতে স্থান সংকুলান না হওয়ার কারণে পার্শ্ববর্তী বিদ্যালয়ে এইচএসসি পরীক্ষা নেওয়া হচ্ছে। আমারও বুঝি, এতে শিক্ষার্থীদের পড়ালেখার সমস্যা হচ্ছে। যেদিন পরীক্ষা না থাকবে, ওই দিন বিদ্যালয়ের ক্লাস খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।’
কলারোয়া ও মুকসুদপুরে সংঘর্ষে নিহত ২
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা ও ফরিদপুর অফিস
সাতক্ষীরার কলারোয়ায় গত বৃহস্পতিবার দুই পক্ষের সংঘর্ষে মোসলেম আলী সানা (৫০) নামের এক কৃষক নিহত হয়েছেন। এিদিকে গতকাল শুক্রবার গোপালগঞ্জের মুকসুদপুরে দুই পক্ষের সংঘর্ষে আলী খান (৬০) নামের আরেক ব্যক্তি নিহত হয়েছেন।
কলারোয়ার দেয়াড়া গ্রামে ঘরের ছাউনি ও গাছের ঝরে পড়া পাতা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মোসলেম আলী সানা প্রাণ হারান। এ সময় আহত হয়েছেন ছয়জন।
আহত ব্যক্তিরা হলেন জসিম উদ্দীন সানা, নাজিম উদ্দীন সানা, ইদ্রিস সানা, তার স্ত্রী হোসনেয়ারা, মনজুয়ারা ও ইব্রাহিম সানা। তাঁদের কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কলারোয়া থানার পরিদর্শক (তদন্ত) সফিকুর রহমান বলেন, এ ঘটনায় খোর্দ পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে ঘরের পাশের গাছ থেকে ঝরে পড়া পাতা ও ঘরের ছাউনি নিয়ে মোসলেম আলী সানার সঙ্গে তাঁর দুই ভাই ইদ্রিস সানা ও গোলাম মোস্তফা সানার কথা-কাটাকাটি হয়। পরে রাত ১২টার দিকে এ নিয়ে আবার কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দুই পরিবারের সাতজন আহত হন। আহত মোসলেম আলীকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
গোপালগঞ্জের মুকসুদপুরে দুই পক্ষের সংঘর্ষে আলী খান নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। গতকাল শুক্রবার উপজেলার দিগনগর ইউনিয়নের বর্ণি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও থানার পুলিশ সূত্র জানায়, মুকসুদপুর উপজেলার বর্ণি গ্রামে প্রভাব বিস্তার ও জমিজমাসংক্রান্ত পূর্বশত্রুতার জের ধরে গতকাল সকাল সাড়ে নয়টার দিকে বিবদমান দুই পক্ষ ইয়াদ আলী শেখ ও টিটু মোল্লার লোকজনের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে আলী খান ঘটনাস্থলে নিহত ও ১০ জন আহত হন। গুরুতর আহতাবস্থায় জাকির চোকদারকে (৪৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিক্ষা কমিটি ও কর্মকর্তাদের বিরোধ
চুয়াডাঙ্গায় ঝুলে আছে ১২ শিক্ষকের বদলি
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ সহকারী শিক্ষকের বদলির সুপারিশ নিয়ে সদর উপজেলা শিক্ষা কমিটি ও শিক্ষা কর্মকর্তাদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। কর্মকর্তারা বলছেন, এর মধ্যে ১১ জনের ক্ষেত্রেই সর্বশেষ নীতিমালা মানা হয়নি। এ কারণে ৩১ মার্চের মধ্যে বদলি প্রক্রিয়া শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি।
উপজেলা পরিষদ সভাকক্ষে ৯ মার্চ সদর উপজেলা শিক্ষা কমিটির সভা হয়। কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাসের সভাপতিত্বে এ সভায় শিক্ষকদের আবেদনের পরিপ্রেক্ষিতে ১২ জনের বদলির বিষয়ে আলোচনা ও সুপারিশ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন এমন একাধিক ব্যক্তি প্রথম আলোকে জানিয়েছেন, কমিটির সচিব উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবু হাসান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ শিক্ষক বদলির নীতিমালা উপস্থাপন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুন উজ্জামান বলেন, নীতিমালা কঠোরভাবে মেনে বদলি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তাঁর এ বক্তব্যের সঙ্গে উপজেলা শিক্ষা কর্মকর্তা একমত পোষণ করেন।
সর্বশেষ ওই নীতিমালা অনুযায়ী, যেসব বিদ্যালয়ে চারজন বা এর কমসংখ্যক শিক্ষক কর্মরত আছেন, সেসব বিদ্যালয় থেকে প্রতিস্থাপনক্রমে সাধারণভাবে শিক্ষক বদলি করা যাবে। একই পদে একাধিক আগ্রহী থাকলে চাকরির জ্যেষ্ঠতার ভিত্তিতে অগ্রাধিকার দিতে হবে। পৌর এলাকার বাইরে কর্মরত যেসব শিক্ষকের নিয়োগপত্রে স্থায়ী ঠিকানা জেলা সদরের পৌরসভা, তাঁরা বদলির ইচ্ছা পোষণ করলে শূন্যপদ থাকা সাপেক্ষে স্থায়ী ঠিকানায় বদলি করা যাবে, অন্য কাউকে পৌরসভার বাইরে থেকে বদলি করা যাবে না। কোনো উপজেলায় পদ শূন্য হলে সংশ্লিষ্ট উপজেলার অধিবাসী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
সূত্রমতে, সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে ৪৪ জন বদলির জন্য আবেদন করেন। ওই সভায় ১২ জনকে বদলির জন্য সুপারিশ করা হয়। তাঁদের মধ্যে ১১ জনের ক্ষেত্রে নীতিমালা মানা হয়নি। এম এ বারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য স্থানীয় আটজন আবেদন করলেও তাঁদের বাদ দিয়ে যশোর সদরের জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শাহনাজ সুলতানার পক্ষে সুপারিশ করা হয়েছে। বোয়ালমারী, বালিয়াকান্দি ও গাইদঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শূন্যপদে সর্বকনিষ্ঠ একজনের পক্ষে সুপারিশ করা হয়েছে। অন্যান্য বিদ্যালয়ের শূন্যপদে বদলির সুপারিশেও জ্যেষ্ঠতা লঙ্ঘন করা হয়েছে।
এ ব্যাপারে শিক্ষা কমিটির সভাপতি আসাদুল হক বলেন, শাহনাজ সুলতানা পৌর এলাকার স্থায়ী বাসিন্দা। স্বামীর কারণে তিনি যশোরে চাকরি করতেন। বিধবা হওয়ায় মানবিক কারণে এবং বদলির নীতিমালা মেনেই তাঁর পক্ষে সুপারিশ করা হয়েছে। কমিটির সদস্যদের উপস্থিতিতেই সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, শিক্ষা কর্মকর্তারা এত দিন নিজেদের খেয়ালখুশিমতো বদলি করিয়েছেন। এখন শিক্ষা কমিটি দায়িত্ব পালন করায় অনেকেই সমস্যায় পড়েছেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমেন্দ্র নাথ পোদ্দার বলেন, ‘নিয়ম মেনেই এত দিন বদলি করা হয়েছে। তবে শিক্ষা কমিটির সুপারিশকে কেন্দ্র করে বিতর্ক ওঠায় করণীয় বিষয়ে জানতে প্রাথমিক শিক্ষার খুলনা বিভাগীয় উপপরিচালককে ১৬ মার্চ লিখিত দেওয়া হয়েছে। ৩০ মার্চ পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানা যায়নি।’
মাদ্রাসা সুপারকে কুপিয়ে হত্যা
অভিযুক্ত নৈশপ্রহরী কালাম গাজী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর মহিলা দাখিল মাদ্রাসার সুপার বাবুল আক্তারকে (৪৬) কুপিয়ে হত্যার দায়ে একই প্রতিষ্ঠানের নৈশপ্রহরী আবুল কালাম গাজীকে পুলিশ গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে গ্রেপ্তার করেছে।
শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান নৈশপ্রহরী আবুল কালাম গাজীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহত ব্যক্তির বাবা শেখ আনছার উদ্দীন বাদী হয়ে কালাম গাজীসহ ছয়জনের নাম উল্লেখ করে গত বৃহস্পতিবার রাতে মামলা দায়ের করেছেন। বাবুল আক্তারের লাশ গতকাল সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুল আলম জানান, নূরনগর মহিলা দাখিল মাদ্রাসার সুপার বাবুল আক্তার বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে মাদ্রাসা থেকে বের হওয়ার পরপরই ওই মাদ্রাসার নৈশপ্রহরী আবুল কালাম গাজী তাঁকে কুপিয়ে হত্যা করেন। তারপর থেকে কালাম গাজী পালিয়ে ছিলেন। গতকাল বেলা ১১টার দিকে নূরনগর গ্রামের মাহফুজ গাজীর বাড়ির ছাদের ওপর তাঁকে দেখতে পেয়ে এলাকার লোকজন ওই বাড়ি ঘেরাও করেন। পরে তাঁরা কালাম গাজীকে আটক করে তাঁর বাড়িতে নিয়ে আসেন। থানায় খবর দেওয়ার পর দুপুর ১২টার দিকে পুলিশ এসে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
নূরনগর মহিলা দাখিল মাদ্রাসার সহকারী সুপার আবদুল জব্বার ও সহকারী শিক্ষক লিয়াকত হোসেন জানান, মাদ্রাসা সুপারের সঙ্গে নৈশপ্রহরী হিসেবে কর্মরত আবুল কালাম গাজীর দ্বন্দ্ব চলছিল। শুরুতে কালাম গাজীকে দপ্তরি পদে চাকরি দেওয়ার পর মাদ্রাসা সুপার তাঁর শ্যালককে একই প্রতিষ্ঠানের দপ্তরি হিসেবে নিয়োগ দেন। এ সময় থেকে কালাম গাজীকে নৈশপ্রহরীর দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়। কিন্তু দপ্তরি হিসেবে কর্মে যোগদানের পর নৈশপ্রহরীর দায়িত্ব পালনে শুরু থেকে অনীহা প্রকাশ করছিলেন কালাম গাজী। এ কারণে ক্ষুব্ধ কালাম গাজী এই হত্যাকাণ্ড ঘটাতে পারেন বলে তাঁরা ধারণা করছেন।
জেলা পরিষদের গাছ কেটে নিলেন চৌকিদার
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
সাতক্ষীরার দেবহাটার ভাতশালা এলাকা থেকে জেলা পরিষদের ১৩টি গাছ কেটে নিয়ে যাওয়া হয়েছে। জেলা পরিষদের কর্মচারী ও দেবহাটা ডাকবাংলোর চৌকিদার জাফর আলী এসব গাছ কাটেন।
উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদরুজ্জামান খান, ভাতশালা গ্রামের শামিম রহমানসহ কয়েকজন বলেন, জাফর আলী এক সপ্তাহ ধরে সড়কের পাশ থেকে বাবলা, শিশু, শিরীষসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে যাচ্ছেন। গত মঙ্গলবারও তিনি পাঁচটি বড় বাবলাগাছ কেটেছেন। ভাতশালা এলাকার বিজিবি ক্যাম্প, বেয়ারপাড়া, বিশ্বাসবাড়ি ও ভাতশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে এসব গাছ কাটা হয়।
চৌকিদার জাফর আলী বলেন, গ্রামের রাস্তার ধারের গাছ মরে গেছে। জেলা পরিষদের প্রশাসক এগুলো কেটে সাতক্ষীরায় পাঠাতে বলেছেন। তাই তিনি মঙ্গলবার পাঁচটি বাবলাগাছ কেটেছেন। এর আগে আরও কয়েকটি কেটেছেন।
জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি মনসুর আহমেদ বলেন, তিনি কাউকে গাছ কাটার অনুমতি কিংবা নির্দেশ দেননি। ভাতশালা এলাকা থেকে কয়েকটি গাছ কাটা হয়েছে বলে তিনি শুনেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
দেবহাটা সদর ইউপির নবনির্বাচিত সদস্য আবদুল জলিল বলেন, তাজা সব গাছ জাফর আলী কয়েক দিন ধরে কেটে নিয়ে যাচ্ছেন।
উপজেলা সদরের তহশিলদার আকরম হোসেন বলেন, গাছ কেটে নিয়ে যাওয়া হয়েছে জানতে পেরে গত বুধবার তিনি ভাতশালায় যান। স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে ও গাছের গুঁড়ি দেখে তিনি গাছ কাটার বিষয়টি নিশ্চিত হন। গাছগুলো সবই জীবিত ছিল।
পত্রিকার কার্যালয়ে হামলা, সাংবাদিককে মারধর
কুষ্টিয়া অফিস
কুষ্টিয়ায় স্থানীয় দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার কার্যালয়ে গত বৃহস্পতিবার হামলা হয়েছে। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মনোনয়ন নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে ছাত্রলীগের দুজন নেতার নেতৃত্বে ১৫ থেকে ২০ জন এ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
হামলাকারীরা পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক আনিসুজ্জামানের কক্ষে হামলা করে কম্পিউটারসহ আসবাবপত্র ভাঙচুর করে। এতে বাধা দিলে পত্রিকাটির নিজস্ব প্রতিবেদক সাকিব পারভেজকে মারধর করা হয়।
পত্রিকাটির সার্কুলেশন ম্যানেজার শফিকুর রহমান ও অফিস সহকারী মোহাম্মদ সুমনও হামলার সময় কার্যালয়ে ছিলেন। তাঁদের ভাষ্যমতে, ওই দিন দুপুর সাড়ে ১২টার দিকে জেলা ছাত্রলীগের সহসভাপতি ইয়াসির আরাফাতের নেতৃত্বে কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহসভাপতি আরশেদ আলীসহ কয়েকজন পত্রিকার কার্যালয়ে এসে সম্পাদককে খুঁজতে থাকেন। তাঁদের হাতে দেশীয় অস্ত্র ছিল। হামলা ও ভাঙচুরের পর তাঁরা জয় বাংলা স্লোগান দিতে দিতে চলে যান।
সাকিব পারভেজ বলেন, ‘সন্ত্রাসীরা এসেই অফিসে লাথি মারা শুরু করে। ভেতরে ঢুকে ভাঙচুর করে। বাধা দেওয়ায় আমার ওপর হামলা চালানো হয়।’
আরশেদ আলী বলেন, ‘শুনেছি পত্রিকায় আওয়ামী লীগের নামে আজেবাজে কথা লেখা হয়েছে। আমি নিউজটি পড়িনি। জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতার নির্দেশে আমরা এ কাজ করেছি। ভাই, কিছু করার ছিল না।’
এ বিষয়ে ইয়াসির আরাফাতের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
পত্রিকাটির সম্পাদক বিষয়টি জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন ও এসপি প্রলয় চিসিমকে জানান। এসপির নির্দেশে তাৎক্ষণিকভাবে মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আনিসুজ্জামান বলেন, পত্রিকায় বৃহস্পতিবার ইউপি নির্বাচনের মনোনয়ন নিয়ে প্রধান সংবাদ প্রকাশিত হয়। ধারণা করা হচ্ছে, এর জের ধরে হামলা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় ছাত্রলীগের এক নেতা সম্পাদকের বিরুদ্ধে চাঁদাবাজির এবং পত্রিকার পক্ষ থেকে হামলার অভিযোগ করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বলেন, ‘হামলার ঘটনা নিন্দনীয়। জড়িত ব্যক্তিদের অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাই।’
কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।’
সেই বটগাছ দেখে মুগ্ধ আরেফিন সিদ্দিক
নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মল্লিকপুরে কয়েক শ বছরের পুরোনো ও বিশাল আকৃতির বটগাছ দেখে মুগ্ধ হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। গাছটি রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির উদ্যোগে দেশের বটগাছ সংরক্ষণের লক্ষ্যে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে উপাচার্য গতকাল শুক্রবার দুপুরে এই বটগাছ দেখতে আসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) নাসরীন আহমাদ, বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট সৈয়দ হাদিউজ্জামান, বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ বিভাগের প্রধান সংরক্ষক অসিত রঞ্জন পাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের ডিন ইমদাদুল হক, উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান আবুল বাশার, জেলা বিভাগীয় বন কর্মকর্তা মাঈনুদ্দিন খান প্রমুখ।
জানা গেছে, ২৫০ থেকে ৩০০ বছর আগে স্থানীয় এক কুমারের কুয়ার দেয়ালে বটগাছটি জন্মেছিল। মূল গাছটি মারা গেলেও এর ৪৫টি শাখা গাছ বর্তমানে ছড়িয়ে আছে।
গোয়ালন্দে অস্ত্রের মুখে টাকা ও গরু লুট
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের রসুলপুর গ্রামে অস্ত্রের মুখে জিম্মি করে এক বাড়ি থেকে টাকা ও গরু লুটের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার বিকেলে গ্রামের আলো রানীর বাড়িতে এই ঘটনা ঘটেছে।
গ্রামবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, আলো রানী বালার ছেলে বাবুর (২৬) সঙ্গে স্থানীয় বিলডাঙ্গা গ্রামের সুজাতের (২৮) ব্যবসায়িক লেনদেন ছিল। সুজাতের নেতৃত্বে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মোল্লাপাড়ার শহিদ (২৮), রসুলপুর গ্রামের মুন্নু (২৯), গোয়ালন্দ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নছর উদ্দিন সরদারপাড়ার শরিফ (২৭) ও মানিকগঞ্জের শিবালয় থানার ফরিদ দেওয়ান (২৭) একটি নসিমন নিয়ে বৃহস্পতিবার বিকেলে বাবুর বাড়িতে হাজির হন। এ সময় তারা অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে তিনটি গরু ও নগদ ৪০ হাজার টাকা লুট করেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহজালাল বলেন, মাদক ব্যবসার পাওনা টাকা না দেওয়ায় গরু নিয়ে যাওয়ার ঘটনাটি ঘটেছে। খোয়া যাওয়া গরু উদ্ধার ও দোষীদের আটকের চেষ্টা চলছে।