গোয়ালন্দে উন্মুক্ত রেলক্রসিংয়ে ঝুঁকি নিয়ে পারাপার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অন্তত ১১টি রেলক্রসিংয়ে কোনো যানবাহন আটকানোর দণ্ড নেই। ঝুঁকি নিয়েই প্রতিনিয়ত এসব ক্রসিং দিয়ে পারাপার হচ্ছে মানুষ ও যানবাহন। প্রায়ই এসব রেলক্রসিংয়ে দুর্ঘটনা ঘটছে।
খোঁজ নিয়ে জানা যায়, দৌলতদিয়া-খুলনা লাইনের গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়াঘাট-সংলগ্ন
সাইনবোর্ড, দৌলতদিয়া মডেল হাইস্কুলসংলগ্ন এলাকা, ইউনিয়ন পরিষদ এলাকা, গোয়ালন্দ শহরের খাঁজা অফিসের সামনে, তোড়াইয়ের মোড়, কুমড়াকান্দি, কেউটিল, ছোটভাকলা ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের সামনে, চর পাচুরিয়া, রাজবাড়ী-ভাটিয়াপাড়া লাইনের পাচুরিয়া স্টেশন ও পেশকারের মোড় এলাকায় এসব ঝুঁকিপূর্ণ রেলক্রসিং অবস্থিত। এগুলোর কোনোটিতে কোনো ধরনের গেট বা গেটম্যান নেই।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, ৯ আগস্ট সন্ধ্যা সাতটার দিকে দৌলতদিয়া মডেল হাইস্কুলের সামনের রেলক্রসিং পার হওয়ার সময় একটি আন্তনগর ট্রেনে কাটা পড়ে বানু সরদার (৭৫) নামের এক বৃদ্ধ মারা যান। ক্যানেলঘাটের রেলক্রসিংয়ে গত বছরের ১ মার্চ নিহত হন অজ্ঞাতনামা এক নারী (২৭)। দৌলতদিয়া কেউটিল এলাকায় রেলক্রসিং পার হতে গিয়ে ওই বছরের ৩১ মে স্থানীয় রহিম উদ্দিনের স্ত্রী আমেনা বেগম (৬০) ট্রেনে কাটা পড়ে মারা যান।
দৌলতদিয়া ক্যানেলঘাট এলাকার বাসিন্দা কলেজছাত্র আনোয়ার হোসেন বলেন, দৌলতদিয়াঘাট থেকে ক্যানেলঘাট পর্যন্ত মাত্র আধা কিলোমিটারে অন্তত তিনটি রেলক্রসিং আছে। ঝুঁকিপূর্ণ এসব ক্রসিংয়ের কয়েক জায়গায় রেল কর্তৃপক্ষ সতর্কতামূলক সাইনবোর্ড লাগিয়েছে। তবে সেগুলোও গাছপালার আড়ালে ঢাকা

পড়ায় বা লেখা উঠে অস্পষ্ট হয়ে যাওয়ায় নজরেই পড়ে না।
দৌলতদিয়া মডেল হাইস্কুলের সামনে আরেকটি রেলক্রসিং রয়েছে। এখান দিয়ে প্রতিদিন কয়েক শ শিক্ষার্থীসহ বিভিন্ন এলাকার লোকজন চলাচল করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, স্থানীয় তিনটি স্কুল-কলেজের ছেলেমেয়েসহ এলাকার কয়েক হাজার মানুষ প্রতিদিন এ ক্রসিং দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হয়।
দৌলতদিয়া রেলস্টেশনের পয়েন্টম্যান মজিবর রহমান বলেন, ‘এসব ঝুঁকিপূর্ণ রেলক্রসিংয়ে পয়েন্টম্যানদেরই পাহারার কাজ করতে হয়। কিন্তু ক্রসিংগুলোর সংখ্যার তুলনায় লোকবল কম। তাই ট্রেন এলে আমাদের একাধিক ক্রসিংয়ের মধ্যে ছোটাছুটি করে লোকজনকে হুঁশিয়ার করতে হয়। এতে আমাদের যেমন কষ্ট, তেমন কাজটাও ঠিকমতো হয় না।’
গোয়ালন্দ বাজার রেলস্টেশন মাস্টার শামসুল হক বলেন, রেলক্রসিং-সংক্রান্ত বিষয়গুলো দেখভালের দায়িত্ব রাজবাড়ীর সহকারী নির্বাহী প্রকৌশলীর। তিনিই বিষয়টি ভালো বলতে পারবেন।