গোয়ালন্দে ওএমএসের নিম্নমানের চাল বিক্রি, বিপাকে দরিদ্ররা
রাজবাড়ীর গোয়ালন্দে খোলাবাজার চাল বিক্রি কর্মসূচির (ওএমএস) আওতায় যে চাল বিক্রি করা হচ্ছে তা নিম্নমানের৷ কিছু কিছু বস্তার চাল থেকে দুর্গন্ধ বের হচ্ছে৷ এ কারণে যাঁদের জন্য এই কার্যক্রম, সেই দরিদ্রদের কোনো উপকার হচ্ছে না৷ উপরন্তু কম দামে চাল না নিতে পেরে তাঁরা বিপাকে পড়েছেন৷
জানা গেছে, কম দামে দরিদ্রদের কাছে চাল বিক্রির জন্য গত ২১ এপ্রিল থেকে উপজেলায় ওএমএস কার্যক্রম শুরু হয়। এ ব্যাপারে এলাকায় মাইকিংসহ প্রচার চালানোর কথা থাকলেও তা করা হয়নি। ওএমএসের চাল বিক্রির জন্য পৌর এলাকায় তিনজন এবং উজানচর, দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নে একজন করে মোট ছয়জন ডিলার নিয়োগ দেওয়া হয়। প্রত্যেক ডিলার ২২ দশমিক ৫০
টাকা কেজি দরে প্রতিদিন দেড় হাজার কেজি চাল সরকারি খাদ্যগুদাম থেকে তুলে নিজ বিক্রয়কেন্দ্রে ২৪ টাকা কেজি দরে বিক্রি করবেন৷ একজন ক্রেতা সর্বোচ্চ পাঁচ কেজি চাল কিনতে পারবেন। শনিবার ছাড়া সপ্তাহের বাকি ছয় দিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চাল বিক্রির নিয়ম রয়েছে।
১৮ মে সকাল সাড়ে ১০টায় জামতলা এলাকার ডিলার মুঞ্জুয়ারা বেগমের বিক্রয়কেন্দ্র পাওয়া গেল উপজেলা পরিষদের সামনে মহাসড়কের পাশের একটি খড়ি বিক্রির দোকানে। সেখানে কোনো ক্রেতা পাওয়া যায়নি৷ ডিলারের প্রতিনিধি সিরাজুল ইসলাম দেড় বস্তা চাল নিয়ে বসে আছেন। তিনি বলেন, ‘মানুষ এলে তাদের চাল দিয়ে দিই।’
১৯ মে কাটাখালী বাজারে দেবগ্রাম ইউনিয়নের ডিলার জুলহাস চৌধুরীর বিক্রয়কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভেতরের একটি ছোট দোকানঘরে তিন-চার বস্তা চাল নিয়ে ডিলার বসে আছেন। বাকি চালের ব্যাপারে জানতে চাইলে তিনি বাইরের আরেকটি ঘর দেখিয়ে বলেন, ওখানে রয়েছে৷
১৮ মে উজানচর জামতলার ডিলার সোহরাব হোসেনের বিক্রয়কেন্দ্রে দেখা যায়, চায়ের দোকানের সামনে একটি ব্যানার টানানো রয়েছে৷ দোকানের ভেতরে কয়েক বস্তা চাল দেখা গেলেও উল্লেখযোগ্যসংখ্যক ক্রেতা পাওয়া যায়নি৷
২০ মে গোয়ালন্দ বাজার কাঠপট্টির এনায়েত হোসেন ও গুড়বাজারের ডিলার শহিদুল ইসলামের বিক্রয়কেন্দ্রে গিয়ে কোনো ক্রেতা পাওয়া যায়নি৷ ডিলার শহিদুল ইসলামের ছোট ভাই হাফিজ খাঁ বলেন, চালের মান এত খারাপ যে কোনো ক্রেতা নিতে চান না। কয়েকটি বস্তা খুলে দেখা যায়, ধুলা মেশনো ও অর্ধভাঙা চাল৷ চাল থেকে দুর্গন্ধ বের হচ্ছে৷
কাঠপট্টি এলাকার দিনমজুর মনির উদ্দিন শেখ জানান, পুরোনো চাল হওয়ার কারণে গুণগত মান নষ্ট হয়ে গেছে৷ ধরলে চাল গুঁড়া হয়ে যাচ্ছে৷
কিছু কিছু বস্তার চাল থেকে দুর্গন্ধ বের হচ্ছে৷ উপজেলার ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা জাকির হোসেন বলেন, চালের মান ভালো। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষ বলেন, চালের মান খারাপের বিষয়ে খাদ্য বিভাগ বলতে পারবে।