গোয়ালন্দে কৃষিশ্রমিকের অভাবে বিপাকে কৃষক
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মাঠজুড়ে ধান পেকে রয়েছে৷ কিন্তু কৃষিশ্রমিক না পাওয়ায় কৃষকেরা ধান কাটতে পারছেন না৷ এরই মধ্যে কালবৈশাখী ও বৃষ্টি শুরু হওয়ায় অনেকের ফসল নষ্ট হয়ে যাচ্ছে৷ কৃষকেরা জানিয়েছেন, তিন বেলা খাবার ও বেশি পারিশ্রমিকের প্রস্তাব দিয়েও তাঁরা কামলা পাচ্ছেন না৷
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোয়ালন্দ কার্যালয় থেকে জানা গেছে, চলতি বছর দুই হাজার ৬০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে৷ সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মাঠজুড়ে বোরো ধান পেকে রয়েছে৷ শ্রমিক না পেয়ে স্ত্রী-সন্তানদের নিয়ে ধান কাটছিলেন বদিউজ্জামান ব্যাপারী পাড়ার আবদুল হান্নান ব্যাপারী (৫০)৷ তিনি বলেন, ‘বাধ্য হয়ে পরিবারের সদস্যদের নিয়ে ধান কাটার চেষ্টা করছি৷’
উজানচর নতুন পাড়ার কৃষক আবদুল খালেক বিশ্বাস (৪৫) বলেন, বিভিন্ন বাজার ঘুরেও তিনি শ্রমিক পাননি৷ তাই শেষ পর্যন্ত স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে তিনি ধান কাটতে শুরু করেছেন৷ উজানচর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল কাদের বলেন, প্রায় ছয় বিঘা জমিতে বোরো আবাদ করেছেন৷ একসঙ্গে সব ধান পেকে গেছে৷ এখন তিনি শ্রমিকের সংকটে পড়েছেন৷ ঝড়-বৃষ্টিতে অনেক ধান খেতেই নষ্ট হয়ে গেছে৷ শেষ মুহূর্তে বাজার থেকে তিন বেলা খাবার ও দিনে ৪০০ টাকা দেওয়ার কথা বলে কয়েকজন শ্রমিক আনতে পেরেছেন িতনি৷ আবদুল কাদের বলেন, এত টাকা দিয়ে যদি শ্রমিক নিতে হয়, তাহলে বাধ্য হয়েই কৃষি কাজ ছেড়ে দিতে হবে৷
এদিকে উপজেলার বেশ কিছু বোরো খেতে পোকার আক্রমণ দেখা দিয়েছে৷ ফলে ফলন কমে গেছে৷ দৌলতদিয়ার ওমর আলী মোল্যাপাড়ার কাসেম মণ্ডল (৬০) বলেন, তাঁর চার বিঘা জমিতে ধানে থোর আসার পর গাছগুলো শুকিয়ে যায়৷ বাজার থেকে ওষুধ কিনে এনে স্প্রে করেও রক্ষা হয়নি৷ একই এলাকার কৃষক আফসার মণ্ডল (৪০) বলেন, কৃষি বিভাগ থেকে কেউ খোঁজ না নেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে তিনি অভিযোগ করেন৷ এরপর কৃষি অফিস থেকে লোকজন এসে তাঁর জমিতে ওষুধ স্প্রে করে দেন৷ পোকার আক্রমণের কারণে ফলন অর্ধেক কমে গেছে৷
উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মুঞ্জুর রহমান বলেন, এবার প্রায় ৫০ হেক্টর বোরো খেতে পাতা মোড়ানো পোকা বা লিপ ফোল্ডারের আক্রমণ হয়েছে৷ এসব জমিতে ৬০ থেকে ৭০ ভাগ ফলন কম হওয়ার আশঙ্কা রয়েছে৷ আর কৃষিশ্রমিকেরা শহরমুখী হওয়ায় কামলার অভাবে ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা৷