গোয়ালন্দে গতিরোধকের দাবিতে মানববন্ধন
রাজবাড়ীর গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ড এলাকায় দৌলতদিয়া-খুলনা মহাসড়কে গতিরোধক পুনঃস্থাপনের দাবিতে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন হয়। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত গোয়ালন্দবাসীর উদ্যোগে বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের দুই পাশে স্থানীয় লোকজন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
এ সময় অবিলম্বে গতিরোধক পুনঃস্থাপনের দাবি জানিয়ে বক্তব্য দেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি এ বি এম বাতেন, ব্যবসায়ী শেখ সালাহ উদ্দিন রেজা, এনামুল হক লিটন, সাইফুল ইসলাম, নাজিমুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ড এলাকাটি বাজারের প্রধান সড়কের সংযোগস্থল। সম্প্রতি রাজবাড়ী সওজ এ এলাকার ১০-১২ বছরের পুরোনো কয়েকটি ঝুঁকিপূর্ণ গতিরোধক তুলে ফেলে। এতে লোকজনকে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হচ্ছে। তা ছাড়া অদূরে দৌলতদিয়া ফেরিঘাটে দ্রুত পৌঁছে ফেরি পাওয়া এবং ফেরি থেকে নামার পর গন্তব্যে যেতে যানবাহনগুলো প্রতিযোগিতায় লিপ্ত হয়। যে কারণে এ এলাকাটি খুবই ঝুঁকিপূর্ণ। মানববন্ধন শেষে মিছিল নিয়ে ইউএনও পঙ্কজ ঘোষের কাছে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়।