গোয়ালন্দে ছিনতাইকারীর কবলে সাংবাদিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় যাওয়ার পথে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকায় গতকাল শনিবার ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব খুইয়েছেন কালের কণ্ঠ পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন।
জাহাঙ্গীর হোসেন জানান, ঢাকার বসুন্ধরা কনভেনশন সিটিতে কালের কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে বীরাঙ্গনাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে তিনি গতকাল ভোরে রাজবাড়ী থেকে ভাড়ায় চালিত মাইক্রোবাসে করে নুরজাহান বেগম নামের এক বীরাঙ্গনাকে সঙ্গে নিয়ে রওনা হন। ভোর পাঁচটার দিকে মাইক্রোবাসটি দৌলতদিয়া-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকায় পৌঁছায়। এ সময় কুয়াশার মধ্যে থামানোর সংকেত পেয়ে চালক পুলিশ ভেবে গাড়ি থামান। একপর্যায়ে চার দিক থেকে ১৪-১৫ জন যুবক ধারালো ও আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে তাঁদের ঘিরে ফেলে। প্রথমে তারা চালকের কাছ থেকে গাড়ির চাবি ছিনিয়ে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে যার কাছে যা কিছু আছে সব দিয়ে দিতে বলে। এ সময় তিনি (জাহাঙ্গীর) বাধা দিতে গেলে ছিনতাইকারী দলের একজন আগ্নেয়াস্ত্রের বাঁট দিয়ে তাঁর মাথায় আঘাত করে।