গোয়ালন্দে পদ্মা থেকে বাঁশের বেড়া অপসারণ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার নোহারী মণ্ডলপাড়ায় পদ্মা নদীতে দেওয়া বাঁশের বেড়াটি অপসারণ করা হয়েছে। গত সোমবার বেড়াটি অপসারণ করা হয় বলে উপজেলা মৎস্য কার্যালয় সূত্র জানায়। গত রোববার প্রথম আলোয় ‘পদ্মায় বাঁধ দিয়ে মাছ শিকার’ শিরোনামে সচিত্র প্রতিবেদন ছাপা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়ে।
নোহারী মণ্ডলপাড়ায় নদীর পার থেকে শুরু করে প্রায় আধা কিলোমিটার ভেতর পর্যন্ত অবৈধভাবে দেওয়া বাঁশের বেড়ায় জাল পেতে এক মাস ধরে মাছ শিকার করা হচ্ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ ঘোষের নির্দেশে সোমবার উপজেলা মৎস্য বিভাগ অভিযান চালিয়ে বাঁধটি অপসারণ করে।
উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা এস এম লুৎফর রহমান জানান, রোববার প্রথম আলোয় ‘পদ্মায় বাঁধ দিয়ে মাছ শিকার’ শিরোনামে সচিত্র প্রতিবেদন ছাপা হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরদিন অভিযান চালিয়ে বাঁধটি অপসারণ করা হয়।