গোয়ালন্দে বন্ধুসভার কম্বল বিতরণ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও উজানচর ইউনিয়নের শারীরিক প্রতিবন্ধী এবং নদীভাঙনের শিকার ৭০টি পরিবারের মধ্যে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে৷
গতকাল বুধবার বেলা ১১টার দিকে গোয়ালন্দ বাজার প্রধান সড়কের আউয়াল টাওয়ারের সামনে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন মোয়াজ্জেম হোসেন, আউয়াল আনোয়ার, মো. সিদ্দিক মিয়া, মো. সিরাজুল ইসলাম, শেখর আহমেদ প্রমুখ।
কম্বল হাতে পেয়ে দৌলতদিয়া ঘাট থেকে আসা শারীরিক প্রতিবন্ধী রতন মিয়া বলেন, ‘আমাগো এই পরথম আপনারাই খোঁজখবর নিলেন। আল্লাহ আপনাগো অনেক বড় করুক।’
শারীরিক প্রতিবন্ধী কলেজছাত্র রফিকুল ইসলাম বলেন, ‘মানুষের সাহায্য নিয়ে অনেক কষ্টে স্কুল পেরিয়ে আমি এখন কলেজে পড়াশোনা করছি। শীতের মধ্যে এত কষ্ট করছি, তা বলে বোঝাতে পারব না। এখন প্রতিনিয়ত আমি জীবনসংগ্রাম করে বৃদ্ধ মা-বাবাকে নিয়ে বেঁচে আছি। তবে এই কম্বল অামাদের অনেক উপকারে অাসবে৷’