গোয়ালন্দে ১৩টি লেভেল ক্রসিং একেবারেই উন্মুক্ত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অন্তত ১৩টি উন্মুক্ত লেভেল ক্রসিং রয়েছে। কিন্তু বেশির ভাগ স্থানে লেভেল ক্রসিং গেট, সতর্কীকরণ বাতি বা নিরাপত্তাপ্রহরী নেই। এ কারণে ঝুঁকি নিয়ে প্রতিদিন যানবাহন ও মানুষ চলাচল করছে। প্রায়ই দুর্ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা গেছে, দৌলতদিয়া-খুলনা যাত্রাপথে উপজেলার দৌলতদিয়া সাইনবোর্ড, স্থানীয় মডেল হাইস্কুল-সংলগ্ন, ইউনিয়ন পরিষদ এলাকা, গোয়ালন্দ শহরের খাজা কার্যালয়ের সামনে, তোড়াই মোড়, কুমড়াকান্দি, কেউটিল, ছোটভাকলা ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রের সামনে, খোলাবাড়িয়া, চর পাচুরিয়া ও রাজবাড়ী-ভাটিয়াপাড়া লাইনের পেশকারের মোড়, চর আন্ধারমানিক এলাকায় উন্মুক্ত লেভেল ক্রসিং রয়েছে।
৮ ফেব্রুয়ারি সকালে স্বামীর সঙ্গে কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুরে বাবার বাড়িতে কালীপূজার অনুষ্ঠানে যেতে দ্রুত ট্রেন ধরতে গিয়ে উপজেলার চর আন্ধারমানিক এলাকায় উন্মুক্ত লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় শিখা সরকার (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়।
১৩ জানুয়ারি রাজবাড়ী থেকে ফরিদপুর যাওয়ার পথে খোলাবাড়িয়ার উন্মুক্ত লেভেল ক্রসিং পার হওয়ার সময় তেলবাহী ট্রেনের ধাক্কায় আকাশি বেগম (৩২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়। গত বছরের ২৪ আগস্ট গোয়ালন্দ রেলগেটের কাছে ট্রেনে কাটা পড়ে ফারুক মোল্যা (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়। এ ছাড়া কেউটিল এলাকায় রেললাইন পার হওয়ার সময় গত বছর এক ব্যক্তির মৃত্যু হয়। ওই বছর দৌলতদিয়া সাইনবোর্ড ও ক্যানেলঘাট এলাকার লেভেল ক্রসিং পার হওয়ার সময় একটি ট্রাক, যাত্রীবাহী অটোরিকশা ও নছিমন ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে অনেকেই গুরুতর আহত হন।
জানতে চাইলে দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, দৌলতদিয়া ঘাট থেকে স্থানীয় ইউনিয়ন পরিষদ পর্যন্ত এক কিলোমিটার জায়গায় চারটি স্থানে উন্মুক্ত লেভেল ক্রসিং রয়েছে। এর ওপর দিয়ে রাস্তা হওয়ায় প্রতিদিন অটোরিকশা, মাইক্রোবাস, রিকশা-ভ্যান, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন ও তিনটি স্কুল-কলেজের শিক্ষার্থীসহ এলাকার কয়েক হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পার হন। কয়েকটি স্থানে কর্তৃপক্ষ সর্তকতামূলক সাইনবোর্ড লাগালেও রং উঠে লেখা অস্পষ্ট হওয়ায় কোনো কাজে আসছে না।
দৌলতদিয়া রেলস্টেশনের মাস্টার আবদুল জলিল বলেন, লেভেল ক্রসিং দেখভালের দায়িত্ব রাজবাড়ী প্রকৌশল বিভাগের। দৌলতদিয়া ঘাট থেকে গোয়ালন্দ উপজেলার সীমান্ত পর্যন্ত বেশ কয়েকটি উন্মুক্ত লেভেল ক্রসিং রয়েছে। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
কর্তব্যরত ঘাটের পয়েন্টসম্যান আবদুস সাত্তার বলেন, ট্রেন আসার সময় এসব স্থানে পাহারাদারের কাজ করতে হয়। এতে মাঝেমধ্যে সমস্যায় পড়তে হয়। অতি দ্রুত এসব এলাকায় প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া দরকার।
এ ব্যাপারে রেলওয়ের পাকশীর বিভাগীয় নির্বাহী প্রকৌশলী আবু জাফর বলেন, দৌলতদিয়া থেকে খুলনা পর্যন্ত এ রকম ১৩৮টি গেটের উন্নয়ন হবে। এসব স্থানে গেটম্যান নিয়োগ, গেটব্যার দেওয়া হবে। এ বিষয়ে ইতিমধ্যে কিছু দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।