গোয়েন্দা পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, দুই যুবক গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গত শনিবার রাতে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর গ্রামের মিয়া মো. মিঠু (৩৫) ও কসবা উপজেলার মেহারী ইউনিয়নের চৌবেপুর গ্রামের মো. শরীফুজ্জামান (৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিঠু ও শরীফুজ্জামান কসবা উপজেলার চৌবেপুর গ্রামের হেলাল মিয়া, হিরণ মিয়া ও হান্নান ভূঁইয়ার কাছে নিজেদের ডিবি পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। তাঁদের মধ্যে হেলাল মিয়ার কয়েক দিন পর বাহরাইন যাওয়ার কথা রয়েছে। হেলালের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। মামলা থেকে নাম বাদ দেওয়ার কথা বলে তাঁর কাছে মিঠু ও শরীফুজ্জামান তিন লাখ টাকা দাবি করেন। সন্দেহজনক হওয়ায় তাঁরা বিষয়টি কসবা থানার পুলিশকে জানান। পুলিশ গ্রামের লোকদের ভুয়া ডিবি পুলিশ পরিচয় দেওয়া দুই যুবককে আটক করতে বলে। চৌবেপুর গ্রাম থেকে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ওই দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।