গৌড়মতি এবার আরও দামি

নাবি জাতের নতুন আম ‘গৌড়মতি’ এবার আরও দামি হয়ে উঠেছে। বিক্রি হয়েছে ৪০০ টাকা কেজি দরে। এটি মিষ্টতা, স্বাদ ও গন্ধে ল্যাংড়া, আশ্বিনা ও খিরসাপাতের মতো সুস্বাদু আমকেও ছাড়িয়ে গেছে। এই আমের স্বাদ পেয়েছেন এমন লোকের সংখ্যাও হাতে গোনা। কারণ, সারা দেশে এই জাতের আমগাছ আছে একটিই। আর তাতে সাকল্যে ২০ মণের মতো আম ধরেছে এবার।
একমাত্র গাছটি রয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বালিয়াদিঘি গ্রামে। মালিক জাহাঙ্গীর আলম। গতবারই গাছটিতে প্রথম আম ধরে। গত বছরের ১৬ আগস্ট প্রথম আলোয় ‘নতুন আম গৌড়মতি’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। সেবারই দেশের মানুষ এই আমের সঙ্গে পরিচিত হন। এ বছর আমটি ১৬ হাজার টাকা মণ দরে বিক্রি হয়েছে। গতবার বিক্রি হয়েছিল ১২ হাজার টাকা মণ দরে।
বালিয়াদিঘি গ্রামের আম ব্যবসায়ী আজিজুল হক জানান, দেখে-শুনে মনে হচ্ছে জাহাঙ্গীর আলম গুপ্তধনের সন্ধান পেয়েছেন। ৪০০ টাকা কেজি দরে আম বিক্রির পরও বলছেন শেষ পর্যন্ত আরও বেশি দামে বিক্রি হবে।
সারা বছর গাছটি পাহারা দিয়েছেন এস্তাব আলী। তিনি বলেন, ‘আমের দাম এত বেশি হোইবে না কেনে? এত পরে এমুন স্বাদের আম মানুষ পাইবে কুন্ঠে। আর এ গাছ যে দ্যাশের মধ্যে একটাই। কত যাগার কত মানুষ এ গাছের খোঁজ লিতে আইলো তার সীমা-সংখ্যা নাই। অরঘে সোথে (সঙ্গে) কথা কোহিতে কোহিতে বিরক্ত খ্যায়া গেনু।’
২০১২ সালে জাহাঙ্গীরের কেনা আমবাগানে গাছটির সন্ধান পান বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বিত মানসম্পন্ন উদ্যান উন্নয়ন প্রকল্পের কর্মকর্তারা। তাঁরা আমটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পান এ আম চাঁপাইনবাবগঞ্জের সুস্বাদু জাত ল্যাংড়ার চেয়ে মিষ্টি। এর মিষ্টতা অর্থাৎ টোটাল সলিউবল সুগার (টিএসএস) ২১ দশমিক ৭৫ শতাংশ থেকে ২৫ শতাংশ। সেখানে ল্যাংড়ার মিষ্টতা ১৭ থেকে ১৯ শতাংশ এবং খিরসাপাতের ১৯ থেকে ২০ শতাংশ। গৌড়মতির ভক্ষণযোগ্য অংশও বেশি, প্রায় ৯৩ শতাংশ। এর ঘ্রাণও চমৎকার। প্রতিটির ওজন ২৫০ থেকে ৩৫০ গ্রাম।
উদ্যান উন্নয়ন প্রকল্পের পরিচালক এস এম কামরুজ্জামান জানান, এ আমের মিষ্টতাই বড় কথা নয়, বড় কথা হচ্ছে মৌসুম শেষে এত সুস্বাদু আমের সন্ধান দেশের আর কোথাও পাওয়া যায়নি। আগস্ট মাসের মাঝামাঝিতে শেষ হয়ে যায় সুস্বাদু আমের মৌসুম। সেখানে এ আম সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত গাছে থাকতে দেখা গেছে। যত্ন নিলে আরও বেশি সময় ধরে এ গাছে আম থাকবে।
এস এম কামরুজ্জামান জানান, তিন বছর ধরে তাঁরা আমগাছটি পর্যবেক্ষণ করছেন। প্রাকৃতিকভাবে নাবি জাতের আশ্বিনা ও মধ্য মৌসুমের ল্যাংড়া জাতের সংকরায়ণের ফলে এ জাতের আম সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাংলার প্রাচীন জনপদ গৌড় অঞ্চল থেকে ‘গৌড়’ আর মূল্য বিবেচনায় ‘মতি’ শব্দটি নিয়ে আমটির নাম দেওয়া হয় ‘গৌড়মতি’।
প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশের পর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তৎকালীন মহাপরিচালক, খাদ্য ও শস্য উইংয়ের পরিচালকসহ সারা দেশের ২০টি হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদেরা গাছটি পরিদর্শন করেন। উদ্যান উন্নয়ন প্রকল্পের উদ্যোগে ইতিমধ্যেই চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, রংপুর হর্টিকালচার সেন্টারসহ আরও ৩০টি সেন্টারে গৌড়মতির মাতৃগাছ তৈরি করা হয়েছে। আগামী দু-এক বছরের মাথায় আমচাষিদের মধ্যে এর চারা বিতরণ করা সম্ভব হবে।