গৌরনদী ও পঞ্চগড়ে দুই শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী এবং পঞ্চগড় সদরে গতকাল মঙ্গলবার দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গৌরনদীর পৌর এলাকায় পাওয়া লাশটি এক মেয়ে স্কুলশিক্ষার্থীর। আর পঞ্চগড়ে অস্বাভাবিকভাবে মৃত শিশুটি এক বিচারিক হাকিমের গৃহকর্মী ছিল। পুলিশ বলছে, এ শিশুটি আত্মহত্যা করেছে বলে তাদের প্রাথমিক ধারণা।
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি জানান, গৌরনদী পৌরসভার সুন্দরদী মহল্লায় কবিতা আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রীর লাশ গতকাল সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশের ডোবায় পাওয়া যায়। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ লাশটি উদ্ধার করে। শিশুটির হাত-পা বাঁধা অবস্থায় ছিল। সে ওই এলাকারই আয়নাল হক ব্যাপারীর মেয়ে।
আয়নাল হক ব্যাপারী জানান, গত রোববার সকালে তাঁর মেয়ে বিদ্যালয়ে যাওয়ার পথে নিখোঁজ হয়। এ ঘটনায় ওই দিন রাতে গৌরনদী মডেল থানায় তিনি একটি সাধারণ ডায়েরি করেন। তাঁর বাড়ি থেকে ৫০০ গজ দূরে ডোবার মধ্যে স্থানীয় লোকজন লাশ দেখতে পান। আয়নাল হক বাদী হয়ে গতকাল মঙ্গলবার গৌরনদী থানায় হত্যা মামলা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়।
পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড়ের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. লুৎফর রহমানের ভাড়া বাসায় আম্বিয়া (১২) নামের এক শিশু গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে একে আত্মহত্যার ঘটনা বলে উল্লেখ করেছে। গতকাল সকাল সাড়ে নয়টায় শোবার ঘর থেকে ফাঁস লাগানো অবস্থায় আম্বিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। তবে তার সম্ভাব্য আত্মহত্যার কারণ জানা যায়নি।
শিশু আম্বিয়া তিন বছর ধরে ওই বাসায় গৃহকর্মীর কাজ করছিল। হাকিম মো. লুৎফর রহমান বলেন, ‘আম্বিয়া আমার প্রতিবেশীর মেয়ে। সকাল পৌনে নয়টার দিকে তাকে ডাকাডাকি করে ঘরের ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। তখন পুলিশ এবং অফিসের লোকজনকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করে।’
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুল ইসলাম বলেন, ‘ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। আমরা দরজা ভেঙে জানালা থেকে ঝুলন্ত অবস্থায় গৃহকর্মীর মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যার ঘটনা। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
আম্বিয়া নীলফামারী জেলার ডিমলা উপজেলার গয়াবাড়ি গ্রামের জমসেদ আলীর মেয়ে।
দুই শিশুসহ উদ্ধার ৩: নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, রূপগঞ্জে পৃথক দুটি অভিযানে গত ২৯ জানুয়ারি অপহৃত দুই শিশুসহ তিনজনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিন অপহরণকারীকে আটক করা হয়েছে।
রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকা থেকে অপহৃত দুই শিশু শফিকুল ইসলাম (৭) ও সোহানকে (৪) গতকাল বন্দর উপজেলার ইস্পাহানি এলাকায় অপহরণকারী বাদল মিয়ার বাড়ির সামনে থেকে উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাদল পালিয়ে যান।
রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল রসুলবাগ এলাকা থেকে নিখোঁজ হওয়া আল-আমিন (১১) ও ইব্রাহীম (৯) নামে দুই মাদ্রাসাশিক্ষার্থীকে ১০ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। গত ২২ জানুয়ারি উপজেলার গোলাকান্দাইল এলাকা থেকে ওই দুই শিক্ষার্থী নিখোঁজ হয়। নিখোঁজ ইব্রাহীম ওই এলাকার ইউনুছ মিয়ার ছেলে ও আল-আমিন ইসমাইল তালুকদারের ছেলে। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, নিখোঁজ দুই মাদ্রাসার শিক্ষার্থীকে খোঁজা হচ্ছে।
সংশোধন কেন্দ্রে তিন শিশু: নীলফামারী প্রতিনিধি জানান, জলঢাকা উপজেলার গ্রামে রোববার রাতে শিশু সাহাব উদ্দিনকে (১৪) হত্যার ঘটনায় আটক তিন শিশুকে কিশোর সংশোধনকেন্দ্রে পাঠানো হয়েছে। আদালত পুলিশ সূত্র জানায়, শিশু সাহাব উদ্দিনকে (১৪) হত্যার ঘটনায় আটক তিন শিশু মনোয়ার হোসেন (১৪), সালাউদ্দিন (১৪) ও টিটু (১৩) গত সোমবার রাতে নীলফামারীর জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। জবানবন্দি শোনার পর আদালতের বিচারক সামিউল ইসলাম তিনটি শিশুকেই যশোরের পুলের হাটে অবস্থিত কিশোর সংশোধনকেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।
সূত্র জানায়, শিশু সাহাব উদ্দিনের ময়নাতদন্ত গতকাল দুপুরে নীলফামারী জেলার আধুনিক সদর হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে।
টাঙ্গাইল ও মির্জাপুর প্রতিনিধি জানান, অপহরণের পর দুই স্কুলছাত্রকে টাঙ্গাইলের মির্জাপুরে গলা কেটে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। তাঁদের সবার বাড়ি ঢাকার ধামরাই উপজেলার চর চৌহাট গ্রামে। এ ছাড়া ওই ঘটনায় ব্যবহৃত ধারালো অস্ত্রের সন্ধানে পুলিশ তল্লাশি চালাচ্ছে।