বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নে বিএনপি ও আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে গত শনিবারের সংঘর্ষের ঘটনায় গতকাল রোববার পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এ ছাড়া পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় গতকাল মামলা হয়েছে।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন বলেন, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান সরদার বাদী হয়ে ১৫০ জনকে আসামি করে গৌরনদী থানায় একটি মামলা করেছেন। এ ঘটনায় পুলিশ বিএনপির প্রার্থীর সাতজন সমর্থককে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।
অন্যদিকে, বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটের ঘটনায় বিএনপির চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর হোসেন গতকাল বরিশাল অতিরিক্ত বিচারিক হাকিমের আদালতে ৩৭ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। মামলায় প্রধান আসামি সরিকল ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ফারুক হোসেন মোল্লা।
এদিকে পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. মজিবুর রহমানের ওপর গত মঙ্গলবার আইনশৃঙ্খলা কমিটির সভায় হামলা চালিয়ে আহত করার ঘটনায় গতকাল পটুয়াখালী দ্রুত বিচার আদালতে মামলা করা হয়েছে। আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এ এস এম তারিক শামস পটুয়াখালীর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) মামলাটি ৩০ মার্চের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য আদেশ দিয়েছেন।