গৌরনদী পৌরসভায় নালা নেই সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

‘মোরা পৌর সদরে থাইক্যাও মনে হয় বিলে থাহি, একটু বৃষ্টি অইলেই সেন্ডেল হাতে লইয়া হাঁটু পানিতে যাতায়াত করতে হয়। কত দৌড়াইলাম ১৬ বছরেও ড্রেন পাইলাম না।’ কথাগুলো বলছিলেন বরিশালের গৌরনদী পৌর সদরের ঢাকা-বরিশাল মহাসড়ক-সংলগ্ন উত্তর বিজয়পুর মহল্লার বাসিন্দা বাবু মিয়া (৪০)।
১৯৯৮ সালে প্রতিষ্ঠিত গৌরনদী পৌরসভাটি ২০০৩ সালে প্রথম শ্রেণিতে উন্নীত হয়। ড্রেনেজ (নালা) ও পয়োনিষ্কাশন-ব্যবস্থা না থাকায় পৌরসভার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টিতেই ঘরের মধ্যে হাঁটুসমান পানি ওঠে। জলাবদ্ধতার কারণে ভোগান্তি পোহাতে হয় অধিকাংশ মহল্লার বাসিন্দাদের।
সরেজমিনে দেখা গেছে, পৌরসভার বাসিন্দারা বিভিন্ন নাগরিক সুবিধা-বঞ্চিত। রাস্তাঘাট বেহাল। পৌর এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, নালা ব্যবস্থাপনা ও পয়োনিষ্কাশন তাঁদের প্রধান সমস্যা। গত ১৬ বছরে পৌর এলাকায় কোনো নালা নির্মিত হয়নি। ফলে বর্ষা মৌসুমে পৌরসভার বেশির ভাগ এলাকা পানিতে ডুবে থাকে।
গৌরনদী বাসস্ট্যান্ডে কয়েকজন ব্যক্তি অভিযোগ করেন, ১৯৯৯ সালে বাসস্ট্যান্ড থেকে গৌরনদী পোদ্দার বাড়ি ব্রিজ পর্যন্ত আধা কিলোমিটার অপরিকল্পিত নালা নির্মাণ করা হয়। কিন্তু নালাটি পৌরবাসীর কোনো কাজে আসেনি। পয়োনিষ্কাশন তো দূরের কথা, উল্টো সড়কটি সামান্য বৃষ্টিতে পানিতে ডুবে থাকে। এতে সাধারণ পথচারীদের দুর্ভোগ পোহাতে হয়।
টরকী বন্দরের শেখর দত্তসহ একাধিক ব্যবসায়ী ক্ষোভের সঙ্গে বলেন, এ বন্দর থেকে প্রতিবছর পৌরসভা প্রায় ৫০ লাখ টাকা রাজস্ব আদায় করলেও ১৬ বছরেও তেমন কোনো নালা ব্যবস্থা তৈরি করা হয়নি। বন্দরের রাস্তাঘাটেরও বেহাল দশা।
সুন্দরদী মহল্লার কয়েকজন বাসিন্দা বলেন, ‘আমরা নামে পৌরবাসী, বাস্তবে নাগরিক সুবিধা-বঞ্চিত। বর্ষা মৌসুমে পানিতে ডুবে থাকে আমাদের রাস্তাঘাট। পানি অপসারণের কোনো ব্যবস্থা নেই। পৌরসভার প্রাণকেন্দ্রে বাস করলেও সামান্য বৃষ্টিতেই ঘরে হাঁটুসমান পানি জমে যায়। নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের কাছে এ সমস্যার সমাধান চান পৌরবাসী।’
বর্তমান মেয়র ও আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হারিছুর রহমান বলেন, ‘আমি নির্বাচিত হওয়ার পরে প্রথম কর্মসূচি হবে পৌর এলাকায় নালা নির্মাণ করা।’
বিএনপির মেয়র প্রার্থী শফিকুর রহমান বলেন, ‘আগে অনেকেই ক্ষমতায় থাকলেও কেউ পৌর এলাকার নালা ব্যবস্থাপনার কথা ভাবেননি। আমি নির্বাচিত হলে এই সমস্যার সমাধান করব।’