২৭ ঘণ্টার ভারী বৃষ্টিতে গৌরনদী পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে প্রায় ১০ হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন। বাসিন্দারা বলছেন, পরিকল্পিত পয়োনিষ্কাশনব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়।
গত শনিবার দিবাগত রাত তিনটা থেকে গতকাল সোমবার সকাল ছয়টা পর্যন্ত এবৃষ্টিপাত হয়। এতে পৌরসভার সাতটি ওয়ার্ডের ১২টি মহল্লায় পানি জমে যায়। ২০০৪ সালে গৌরনদী পৌরসভাটি প্রথম শ্রেণিতে উন্নীত হয়। পৌরসভায় নয়টি ওয়ার্ড আছে।
গতকাল সরেজমিনে দেখা গেছে, ১ নম্বর ওয়ার্ডের সুন্দরদী, টরকী, টরকীর চর; ২ নম্বর ওয়ার্ডের কসবা, লাখেরাজ কসবা; ৩ নম্বর ওয়ার্ডের বানিয়াসুরী; ৪ নম্বর ওয়ার্ডের উত্তর পালরদী, পালরদী; ৫ নম্বর ওয়ার্ডের চরগাধাতলী; ৬ নম্বর ওয়ার্ডের উত্তর বিজয়পুর, শাওড়া ও ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বিজয়পুর মহল্লার প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।
ঢাকা-বরিশাল মহাসড়ক-সংলগ্ন উত্তর বিজয়পুর মহল্লার প্রায় ৫০০টি পরিবার ভোগান্তি পোহাচ্ছে। মো. বাবু মিয়া (৩৫) বলেন, সামান্য বৃষ্টি হলেই এখানকার রাস্তাঘাটে হাঁটুসমান পানি জমে যায়। বাসাবাড়িতে পানি জমে যায়। শনিবার থেকে ভারী বর্ষণ হয়েছে। এখন তো আরও বেশি পানি জমে গেছে।
সুন্দরী মহল্লায় গিয়ে দেখা যায়, দর্শনার্থীরা হাঁটুপানি ভেঙে রাধাগোবিন্দ লোকনাথ মন্দির ও কালীমন্দিরে যাচ্ছেন। এ এলাকার বাসিন্দারা অভিযোগ করেন, এত দিন আগে পৌরসভা হয়েছে। অথচ এলাকায় পয়োনিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। তাই বৃষ্টি হলেই পানি ওঠে। আর নামতেও অনেক সময় লাগে।
সুন্দরদী এলাকার অর্চনা রানী (২৮) বলেন, ‘আমরা পানিবন্দী হয়ে দিন কাটাচ্ছি। রান্নাঘর, চুলা পানিতে ডুবে যাওয়ায় রান্নাবান্না বন্ধ হয়ে গেছে। ছেলেমেয়েদের স্কুল-কলেজে যাওয়া বন্ধ রয়েছে।’ চরগাতলী মহল্লার কয়েকজন বাসিন্দা বলেন, উপজেলা শিক্ষা কার্যালয়ের সামনের সড়ক ও আশপাশ এলাকা পানির নিচে।
পৌর কাউন্সিলর মো. খোকন সিকদার, আতিকুর রহমান, লিটন বেপারী বলেন, তাঁরা নির্বাচিত হওয়ার আগ থেকেই জলাবদ্ধতার সমস্যা ছিল। নির্বাচিত হওয়ার পর তাঁরা সমস্যা সমাধানে নানা প্রকল্প হাতে নিয়েছেন।
পৌর এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, পৌরসভাটি প্রথম শ্রেণির। কিন্তু পয়োনিষ্কাশনের সুষ্ঠু কোনো ব্যবস্থা নেই। বৃষ্টি হলেই পৌরসভার বাসিন্দাদের দুর্ভোগে পড়তে হয়। অথচ তাঁদের সমস্যা সমাধানের যেন কেউ নেই।
গৌরনদী পৌরসভার মেয়র মো. হারিছুর রহমান বলেন, বিগত সময়ে অপরিকল্পিতভাবে নালা, ঘরবাড়ি নির্মাণ করার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। বর্ষা মৌসুমে পৌরবাসীর ভোগান্তি কমাতেপ্রতিটি ওয়ার্ডে পরিকল্পিত নালা নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।