গৌরনদীতে অগ্নিকাণ্ডে ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের রায়পট্টিতে গতকাল রোববার দুপুরে অগ্নিকাণ্ডে একটি পাটের গুদামসহ ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। আগুন নেভাতে গিয়ে অন্তত ১০ জন আহত হন।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার আবদুল করিম বলেন, বন্দরের রায়পট্টিতে গতকাল বেলা দেড়টার দিকে শাহাবুব শরীফের পাটের গুদামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে অমর রায়, পুণ্য রায়, ভোলা রায়, সুশান্ত মন্ডল, নিখিল রায়, কমল রায়, বেলাল মাঝি, চঞ্চল মাঝি, মজিদ পাইক, কালাচাঁদ ভৌমিকের দোকান ও অসীম শীলের সেলুন সম্পূর্ণভাবে পুড়ে যায়। এ ছাড়া আরও পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বরিশাল, উজিরপুর, গৌরনদী ও মাদারীপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের সদস্যরা প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী অমর রায় বলেন, অগ্নিকাণ্ডের ফলে তিনি সর্বস্বান্ত হয়ে গেছেন। তাঁর প্রায় কোটি টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।
টরকী বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সিরাজুল ইসলাম বলেন, আগুনে বন্দরের ব্যবসায়ীদের প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের হিসাব অনুযায়ী ক্ষতির পরিমাণ ৫ কোটি টাকা। আগুন নেভাতে গিয়ে জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া, ব্যবসায়ী পলাশ দাস, শহীদ ব্যাপারী, অনিল ঘরামী, অর্জুন গাইনসহ অন্তত ১০ জন আহত হন।