গৌরনদীতে অপহৃত ছাত্রী উদ্ধার, ধর্ষণের অভিযোগ
বরিশালের গৌরনদী উপজেলায় অপহরণের ১২ দিন পর গত বৃহস্পতিবার এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, ওই ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে।
গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বলেন, ছাত্রীটি (১৫) ৫ নভেম্বর বিকেলে বাড়ির সামনের রাস্তায় হাঁটছিল। এ সময় একই গ্রামের চারজন ওই ছাত্রীকে মোটরসাইকেলে অপহরণ করে নিয়ে যায়।
১১ নভেম্বর ছাত্রীর বাবা চারজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গৌরনদী থানায় একটি মামলা করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে উপজেলার একটি গ্রামে অভিযান চালিয়ে এক বাড়ি থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। তবে অভিযুক্ত ব্যক্তিরা পলাতক রয়েছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন বলেন, গত শুক্রবার দুপুরে ডাক্তারি পরীক্ষার জন্য ওই ছাত্রীকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে জবানবন্দি দেওয়ার জন্য সে বরিশাল অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে যায়। দুদিন সরকারি সরকারি ছুটি থাকায় পুরো প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি।