গৌরনদীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বরিশালের গৌরনদী উপজেলার বন্দরে মোফাজ্জেল হোসেন পাইক (৪৬) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি উপজেলার টিখাসার গ্রামের মৃত মব্বত আলী পাইকের ছেলে। বিস্ফোরণে পথচারীসহ সাতজন গুরুতর আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গৌরনদী বন্দরের পোস্ট অফিসের সামনে মুরাদ স্টিল হাউস নামের ওয়ার্কশপে শ্রমিকেরা কাজ করার সময় আজ বেলা আড়াইটার দিকে আকস্মিকভাবে ঝালাইয়ের গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়।
তাৎক্ষণিকভাবে স্থানীয় ব্যক্তিরা আহত ব্যক্তিদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক মোফাজ্জেল হোসেনকে মৃত ঘোষণা করেন। অবস্থার অবনতি ঘটলে আশঙ্কাজনক অবস্থায় মুরাদ হোসেন, মোহাম্মদ আলম, রাসেল আহম্মেদ, আবদুল জব্বার ও ইমাম হোসেকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক দাস রণবীর বলেন, চিকিৎসাধীন দুজনের অবস্থাও আশঙ্কাজনক। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।