গৌরনদীতে চাঁদাবাজির অভিযোগে ছাত্রলীগের নেতা গ্রেপ্তার
চাঁদাবাজির অভিযোগে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়ন ছাত্রলীগের নেতা রকি হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার মামলা হওয়ার পর তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার, পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, বাটাজোর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আকতার হোসেনের কাছে কয়েক দিন ধরে ওই ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক রকি হাওলাদার ২০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। আকতার হোসেন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ৮ জুলাই রকি হাওলাদার ও তাঁর সহযোগীরা ইউপি কার্যালয়ে ঢুকে ১০ জুলাইয়ের মধ্যে চাঁদার টাকা পরিশোধ না করলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে তাঁকে হুমকি দেন। ১০ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে রকি ও তাঁর সহযোগীরা ওই কার্যালয়ে প্রবেশ করে চেয়ারম্যানকে খুঁজতে থাকেন। তাঁকে না পেয়ে ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রের তথ্য উদ্যোক্তা মো. কাওছার হোসেনকে অশ্লীল ভাষায় গালমন্দ করেন।
আকতার হোসেন অভিযোগ করেন, ১০ জুলাই রাত সাড়ে আটটার দিকে রকি ও তাঁর সহযোগীরা তাঁর (আকতার) বাটাজোর বন্দরের ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে পুনরায় চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে তাঁরা আকতারকে দুই ঘণ্টা সেখানে অবরুদ্ধ করে রাখেন। একপর্যায়ে বাজারের ব্যবসায়ীরা গৌরনদী থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আকতার হোসেনকে উদ্ধার করে এবং রকি হাওলাদারকে আটক করে।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, ওই ঘটনায় গতকাল ইউপি চেয়ারম্যান আকতার হোসেন বাদী হয়ে রকিসহ অজ্ঞাতনামা ছয়-সাতজনকে আসামি করে মামলা করেছেন। ওই দিন পুলিশ রকিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। পুলিশ হেফাজতে থাকাকালে রকি হাওলাদার প্রথম আলোর কাছে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে বলেন, পাওনা টাকা চাইতে যাওয়ায় তাঁর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করা হয়েছে।