গৌরনদীতে ডাকাতির ঘটনায় মামলা, গ্রেপ্তার ২
বরিশাল-২ আসনের সাবেক সাংসদ ওয়াদুদ সরদারের বাড়িতে ডাকাতির ঘটনায় গতকাল সোমবার সকালে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। সাবেক সাংসদের ছেলে আলিদ বিন ওয়ালিদ বাদী হয়ে অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে এ মামলাটি করেন।
পুলিশ গতকাল দুপুরে এলাকার তালিকাভুক্ত দুই ডাকাতকে গ্রেপ্তার করে তাদের নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের দক্ষিণ মোড়াকাঠি গ্রামে ওয়াদুদ সরদারের বাড়িতে গত শনিবার রাতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল দুপুরে উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতা গ্রামে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে তালিকাভুক্ত দুই ডাকাত সোহাগ তালুকদার (৩০) ও আবদুল হাকিমকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।