গৌরনদীতে বইমেলার উদ্বোধন আজ
ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চতুর্থ বছরের মতো দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় পরিসরের একুশে বইমেলা আজ রোববার বিকেলে উদ্বোধন করা হবে।
দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে খ্যাত গৌরনদী উপজেলার মাহিলাড়া কলেজমাঠে পাঁচ দিনের এই বইমেলার সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে আয়োজক কমিটি। একুশে বইমেলা উদ্যাপন কমিটির আহ্বায়ক ও মাহিলাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, মেলায় দেশের নামকরা শতাধিক প্রকাশনীর স্টলসহ বিভিন্ন শিল্পকর্মের দুই শতাধিক স্টল রয়েছে। একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং ভোরে প্রভাতফেরির মাধ্যমে মেলার কর্মসূচি শুরু হবে।
বেলা তিনটায় প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ।
মেলায় প্রতিদিনই দেশের খ্যাতিমান লেখক ও সাহিত্যিকদের নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হবে। এ ছাড়া দেশবরেণ্য শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের নাটক মঞ্চস্থ করা হবে।