গৌরনদীতে রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের অভ্যন্তরীণ রাস্তাগুলো সংস্কারের দাবিতে বন্দরের শ্রমিকেরা গতকাল রোববার ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি ঘটনাস্থলে গিয়ে তাঁদের শান্ত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকেরা গতকাল সকালে টরকী বন্দরের ভেতরে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলে যোগ দেন বন্দরের ব্যবসায়ীসহ সুবিধাভোগী অন্যরাও। সকাল নয়টার দিকে তাঁরা মিছিল নিয়ে টরকী বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। এতে করে দূরপাল্লার বাসসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়ে মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। সকাল ১০টায় ঘটনাস্থলে আসেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন, স্থানীয় পৌর কাউন্সিলর খোকন শিকদারসহ বন্দরের ব্যবসায়ী নেতারা। তাঁরা আশ্বাস দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাঁরা বন্দরের সড়কগুলো সংস্কারের উদ্যোগ নেবেন। এরপর অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়।

আন্দোলনকারীরা জানান, পাইকারি দরে পণ্য কিনতে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ব্যবসায়ীরা টরকী বন্দরে আসেন। পানহাট, ছাগলহাটা, কাপড় হাটসহ বিভিন্ন হাটের ইজারা ও ট্রেড লাইসেন্স নবায়নের মাধ্যমে দক্ষিণাঞ্চলের বৃহৎ এ ব্যবসায়ী বন্দর থেকে সরকার বছরে প্রায় এক কোটি টাকার রাজস্ব পায়। কিন্তু বন্দরের অভ্যন্তরীণ সড়কগুলো দেখার কেউ নেই। মাঝিপট্টি, কাপুড়াপট্টি, ছাগলহাটাসহ টরকী বন্দরের অভ্যন্তরীণ বিভিন্ন সড়ক চার-পাঁচ বছর ধরে সংস্কার করা হয় না। এদিকে বন্দরের লঞ্চঘাট ও ট্রলারঘাট সড়কও বেহাল। এসব ঘাট থেকে ঢাকার সদরঘাট, মাদারীপুর, ঝালকাঠি, শরীয়তপুর, গোপালগঞ্জসহ বিভিন্ন নৌপথে ছোট-বড় লঞ্চ ও ট্রলারে পণ্য পরিবহন করা হয়।

বন্দরের শ্রমিক নেতারা বলছেন, দীর্ঘদিন ধরে তাঁরা পৌর কর্তৃপক্ষের কাছে রাস্তাগুলো সংস্কারের দাবি করে আসছেন। কিন্তু কোনো প্রতিকার পাননি।

জানতে চাইলে গৌরনদী পৌরসভার মেয়র মো. হারিছুর রহমান বলেন, টরকী বন্দরের সড়কে অতিরিক্ত মালামাল ভর্তি ট্রাক চলায় সড়কগুলো অল্পতেই ক্ষতিগ্রস্ত হয়। বন্দরের প্রধান দুটি সড়কের সংস্কারকাজ সম্পন্ন হয়েছে। অভ্যন্তরীণ রাস্তাগুলোর মধ্যে তিনটির সংস্কারকাজের প্রক্রিয়া শুরু হয়েছে। আরও চারটি রাস্তা সংস্কারে ব্যয়বহুল কয়েকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তিনি আশা করছেন, শিগগিরই সমস্যার সমাধান হবে।