গৌরনদীতে শ্রমিককে পিটিয়ে হত্যা, শৈলকুপায় কৃষক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় গত বৃহস্পতিবার প্রতিপক্ষ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক কৃষককে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে৷ একই দিন বরিশালের গৌরনদীতে দুর্বৃত্তরা এক শ্রমিক সরদারকে পিটিয়ে হত্যা করেছে৷
শৈলকুপায় নিহত কৃষকের নাম বিশারত আলী (৫৫)। তিনি দুধস্বর গ্রামের মৃত আদিল উদ্দিন শেখের ছেলে। এলাকাবাসীর কয়েকজন জানান, বিশারত আলীর ভাতিজা আলী কদর বৃহস্পতিবার বিকেলে সানু জোয়ার্দ্দারের জমির কলাগাছ কাটতে যান। এ সময় সানু জোয়ার্দ্দারের লোকজন বাধা দেন। এ নিয়ে মাঠেই উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়।
এর জের ধরে সন্ধ্যায় প্রতিপক্ষের লোকজন আলী কদরের বাড়িতে হামলা চালান। কিন্তু তাঁরা এ সময় আলী কদরকে বাড়িতে না পেয়ে তাঁর চাচা বিশারত আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। তাঁকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় রাতে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তিনি মারা যান। শৈলকুপা থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো মামলা দায়ের হয়নি, তবে প্রক্রিয়া চলছে।
বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ পিংলাকাঠি গ্রামে নিহত শ্রমিক সরদারের নাম মোস্তাক হোসেন (২৫)। তাঁর বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ঝামুয়া গ্রামে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১ মে মোস্তাক হোসেন ১০-১২ জন শ্রমিক নিয়ে ধান কাটতে নিজ এলাকা থেকে দক্ষিণ পিংলাকাঠি গ্রামের এনামুল হক বয়াতির বাড়িতে আসেন। বৃহস্পতিবার বিকেলে কাজ না করে আড্ডা দেওয়ায় তাঁর অধীনে থাকা স্থানীয় শ্রমিক জিয়া শেখের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে রাত ১০টার দিকে মোস্তাক হোসেন, শ্রমিক হিরণ বয়ািত ও ইলিয়াসকে কথা শোনার জন্য এনামুলের বাড়ির পাশে ডেকে নিয়ে কিল-ঘুষি মেরে ও পিটিয়ে আহত করেন জিয়া শেখ। তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন গিয়ে তাঁকে উদ্ধার করে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় তিনি মারা যান। জিয়া শেখ শ্রমিক সরদার মোস্তাকের ওপর হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছেন৷ গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে৷