প্রথম আলোর পটুয়াখালীর বাউফল প্রতিনিধি এ বি এম মিজানুর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজি-ছিনতাই মামলা দেওয়ার প্রতিবাদে এবং মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল সোমবার গৌরনদীর সাংবাদিক ও বন্ধুসভার সদস্যরা মানববন্ধন ও সমাবেশ করেছেন।
ঢাকা-বরিশাল মহাসড়কে গৌরনদী রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের সামনে বিকেল পাঁচটায় মানববন্ধনে স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিক ও প্রথম আলো বন্দুসভার সদস্যরা অংশ নেন। মানববন্ধন শেষে রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ হয়। গত ২৪ মে প্রথম আলোয় ‘বাউফলে স্থানীয় সরকার সহায়তা প্রকল্প, কাগজে আছে বাস্তবে নেই’ শিরোনামে মিজানুর রহমানের একটি প্রতিবেদন ছাপা হয়। এরপর স্থানীয় আওয়ামী লীগের একটি মহল ক্ষুব্ধ হয়ে মিজানের বিরুদ্ধে গত ২৬ মে পটুয়াখালী দ্রুত বিচার আদালতে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে মামলা করেন।